কাঠালিয়া (ঝালকাঠি) প্রতিনিধিঃ
‘স্মার্ট বাংলাদেশ বিনির্মানে উৎপাদনশীলতা’ প্রতিপাদ্যকে সামনে রেখে ঝালকাঠির কাঠালিয়ায় জাতীয় উৎপাদনশীলতা দিবস পালিত হয়েছে। আজ সোমবার সকালে দিবসটি উপলক্ষে উপজেলা পরিষদ সভাকক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কাঠালিয়া উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ এমাদুল হক মনির। উপজেলা নির্বাহী অফিসার মোঃ নেছার উদ্দিন এর সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান মোঃ বদিউজ্জামান বদু সিকদার, উপজেলা কৃষি কর্মকর্তা মোসাঃ তানজিলা আহমেদ।
অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মোঃ ইব্রাহিম খান, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মোঃ কামরুল ইসলাম, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা মোঃ দেলোয়ার হোসেন, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মোসাঃ আনোয়ারা বেগম, শৌলজালিয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোঃ মাহমুদ হোসেন রিপন, উপজেলা সমাজসেবা অফিসার এসএম দেলোয়ার হোসেন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ আহমাদুর রহমান প্রমূখ।
এসময় বক্তারা বলেন, সরকার ২০৪১ সালের মধ্যে বাংলাদেশকে একটি সুখী-সমৃদ্ধ ও স্মার্ট বাংলাদেশ হিসেবে গড়ে তুলতে বদ্ধপরিকর। এজন্য কৃষি, শিল্প ও সেবাসহ প্রতিটি ক্ষেত্রে উৎপাদনশীলতা বৃদ্ধি অপরিহার্য। সভায় সরকারি বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তাসহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষ উপস্থিত ছিলেন।










