কাঠালিয়া প্রতিনিধিঃ
মাদ্রাসা শিক্ষার জন্য সতন্ত্র কারিকুলাম, আলাদা পাঠ্যপুস্তক প্রনয়ণ বোর্ড এবং সকল পাঠ্যবিষয়ে নির্ধারণে আলেম ওলামা ও পীর-মাশায়েকদের মনোনীত বিশেষজ্ঞদের অন্তর্ভূক্তসহ ১৩ দফা দাবিতে ঝালকাঠির কাঠালিয়ায় মানববন্ধন করেছে মাদ্রাসা শিক্ষকদের সংগঠন বাংলাদেশ জমিয়াতুল মোদার্রেছীন। আজ সোমবার সকাল ১১টায় উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ের সামনে ঘণ্টাব্যাপী এ মানববন্ধন কর্মসূচি পালন করেন তাঁরা।
মানববন্ধন চলাকালে বক্তব্য রাখেন কাঠালিয়া জমিয়াতুল মোদার্রেছীনের সভাপতি অধ্যক্ষ মাওলানা মোঃ ইদ্রিস মিয়া, সাধারণ সম্পাদক অধ্যক্ষ মাওলানা ওবায়দুল হক, সুপার মোঃ আলী হায়দার প্রমূখ। মানববন্ধন শেষে উপজেলা নির্বাহী অফিসার মোঃ মিজানুর রহমান এর কাছে স্মারকলিপি প্রদান করেন মাদ্রাসার শিক্ষকরা।
মানববন্ধনে বক্তারা বলেন, ২০২৩ সাল থেকে বাস্তবায়ন করতে যাওয়া নতুন কারিকুলামের আলোকে প্রণীত পাঠ্যপুস্তক যা স্বতন্ত্র মাদ্রাসার শিক্ষার লক্ষ্য ও উদ্দেশ্যের সাথে চরম অসঙ্গতিপূর্ণ। তাই সরকারের কাছে অনুরোধ অবিলম্বে এ দেশের মাদ্রাসা শিক্ষার জন্য সতন্ত্র কারিকুলাম, আলাদা পাঠ্যপুস্তক প্রনয়ণ বোর্ড এবং সকল পাঠ্যবিষয়ে নির্ধারণে আলেম ওলামা ও পীর-মাশায়েকদের মনোনীত বিশেষজ্ঞদের অন্তর্ভূক্ত করতে হবে। স্বাভাবিকভাবে এ দেশের শিক্ষা ব্যবস্থায় কারিকুলাম, সিলেবাস এবং পাঠ্যপুস্তক প্রনয়ণে মুসলমানদের ইতিহাস ঐতিহ্য ও কৃষ্টিকালচারের সাথে সঙ্গতিপূর্ণ হয়। ৯১ ভাগ মুসলমানের দেশে এমন কোন সিদ্ধান্ত গ্রহণ না করেন, যাতে ইসলাম প্রিয় মানুষের কলিজায় আঘাত লাগে।










