খেলা ডেস্কঃ আঙুলে অস্ত্রোপচরার করা হলেও দলে রাখা হয়েছে জিম্বাবুয়ে সফরের টি-টোয়েন্টি অধিনায়ক সোহানকে। সবশেষ বিপিএলে পারফরম্যান্স যাচ্ছেতাই। ঘরোয়া ক্রিকেটের অন্যান্য সংস্করণেও পারফরম্যান্স আহামরি কিছু নয়। তার পরও টি-টোয়েন্টি দলে ফেরানো হলো সাব্বির রহমানকে।
৩০ বছর বয়সী আগ্রাসী ব্যাটসম্যান জায়গা পেলেন এশিয়া কাপের বাংলাদেশ দলে। চোট কাটিয়ে দলে ফিরলেন পেস বোলিং অলরাউন্ডার মোহাম্মদ সাইফ উদ্দিনও।
বিসিবি সভাপতি নাজমুল হাসানের গুলশানের বাসায় সভা শেষে শনিবার বিকেলে বিসিবির ক্রিকেট পরিচালনা বিভাগের প্রধান জালাল ইউনুস জানান, আগামী টি-টোয়েন্টি বিশ্বকাপ পর্যন্ত অধিনায়ক সাকিব আল হাসান। এরপর সংবাদ সম্মেলনে বাংলাদেশের ১৭ সদস্যের দল ঘোষণা করেন প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন।
নেতৃত্ব হারালেও দলে টিকে গেছেন প্রবল সমালোচনায় থাকা অভিজ্ঞ ব্যাটসম্যান মাহমুদউল্লাহ। হজের কারণে ওয়েস্ট ইন্ডিজ সিরিজে ছুটি ও সবশেষ জিম্বাবুয়ে সফরে বিশ্রামে থাকার পর দলে ফিরেছেন আরেক অভিজ্ঞ ব্যাটসম্যান মুশফিকুর রহিমও।
আঙুলে অস্ত্রোপচার হওয়ার পর খেলা নিয়ে শঙ্কায় থাকলেও দলে রাখা হয়েছে নুরুল হাসান সোহানকে। জিম্বাবুয়ে সফরের দল থেকে বাদ পড়েছেন ওপেনার মুনিম শাহরিয়ার।
এশিয়া কাপের বাংলাদেশ দল: সাকিব আল হাসান (অধিনায়ক), এনামুল হক, মুশফিকুর রহিম, আফিফ হোসেন, মোসাদ্দেক হোসেন, মাহমুদউল্লাহ, শেখ মেহেদি হাসান, মোহাম্মদ সাইফ উদ্দিন, হাসান মাহমুদ, মুস্তাফিজুর রহমান, নাসুম আহমেদ, সাব্বির রহমান, মেহেদী হাসান মিরাজ, ইবাদত হোসেন, পারভেজ হোসেন ইমন, নুরুল হাসান সোহান, তাসকিন আহমেদ।












