চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধিঃ চাঁপাইনবাবগঞ্জে বালতির পানিতে ডুবে তিন বছর বয়সী যমজ বোনের মারা গেছে। ৭ নভেম্বর রবিবার সকালে জেলা শহরের সিঅ্যান্ডবি ঘাট এলাকায় এই ঘটনা ঘটে। নিহত যমজ বোনদের নাম সাবা ও সারা। তাদের বাবা এবাদ আলী পুলিশের কনস্টেবল। বর্তমানে ঢাকায় কর্মরত। চাঁপাইনবাবগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাফ্ফর হোসেন জানিয়েছেন, মৃতদেহের ময়নাতদন্তের প্রস্তুতি চলছে।
শিশুদের মা নাইমা খাতুন সংবাদমাধ্যমকে জানিয়েছেন, ভাড়া বাসায় সব সময় পানি না থাকায় দুটি বালতিতে পানি ভরে রাখা হয়েছিলো। মেয়ে দু’টি বালতির পানিতে পরনের প্যান্ট রেখে নাড়াচাড়া করছিলো। এই সময় তিনি ময়লা ফেলতে বাড়ির বাইরে গিয়েছিলেন। এসে দেখেন পানিভর্তি বালতির ভেতর দুই বোনের মাথা নিচে ও পা ওপরে। হাসপাতালে নিয়ে গেলে জরুরি বিভাগের চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন। সদর থানার (ওসি) মোজাফ্ফর হোসেন জানান, যেহেতু দু’টি শিশু একসংগে মারা গেছে, তাই বিষয়টি তদন্ত করে দেখা হবে। এই জন্যই মৃতদেহের ময়নাতদন্ত করা হচ্ছে।










