বরিশাল প্রতিনিধিঃ
বরিশালের একাধিক মামলার চার্জশিটভুক্ত আসামী কাজ করছে বরিশালের আদালতের পরিচ্ছন্নকর্মী হিসেবে। অভিযোগ রয়েছে মামলার তথ্য গোপন করে তিনি আদালতে চাকুরী করছেন। অভিযুক্ত রুবেল হাওলাদার জেলার সদর উপজেলার দিনার গ্রামের মোতালেব হাওলাদারের ছেলে।
সূত্রমতে, রুবেলের বিরুদ্ধে জমি দখল, মারপিট, মানুষকে খুন জখমের হুমকিসহ একাধিক মামলা আদালতে চলমান রয়েছে। এরমধ্যে কয়েকটি মামলাতে হয়েছে চার্জশিট। তবুও জেল খাটতে হয়নি রুবেল হাওলাদারকে। গত বছরের নভেম্বর মাসে রুবেল হাওলাদার বরিশাল যুগ্ম জেলা ও দায়রা জজ আদালতের পরিচ্ছন্নকর্মী হিসেবে মাস্টাররোলে চাকুরীতে যোগদান করে। যোগদানের আগেই চার্জশিটভুক্ত আসামী ও ফৌজদারি অপরাধী হলেও তথ্য গোপন করে চাকুরীতে যোগ দিয়েছেন তিনি।
খোঁজ নিয়ে জানাগেছে, ২০১৯ সালে আলেয়া বেগম নামে এক মহিলাকে হামলা ও মারধরের অভিযোগে রুবেলের বিরুদ্ধে বিজ্ঞ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে একটি মামলা হয়। এছাড়াও তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে রুবেল তার সন্ত্রাসী বাহিনীর হাতে গুরুতর জখমের পর হাসপাতালে ভর্তি থেকে একই গ্রামের আব্দুল হান্নান নামের এক ব্যক্তি তার বিরুদ্ধে মামলা করেন। সেই মামলায় থানা থেকে আদালতে চার্জশিট দেওয়া হয়েছে।২০১৯ সালের ১৮ মার্চ শীলতাহানী ও খুনের উদ্দ্যেশ্যে কুপিয়ে যখম অভিযোগে একই গ্রামের মজিরন নেছা রুবেলের বিরুদ্ধে আরও একটি মামলা দায়ের করেন। এই মামলায় চার্জশিটভুক্ত আসামী রুবেল।
স্থানীয়দের দাবী, রুবেল আদালতে চাকরীর পর থেকে আরও বেপরোয়া হয়ে উঠেছে। সে আদালতের নাম ভাঙ্গিয়ে সাধারণ মানুষকে হয়রানি করছে। ভুক্তভূগীদের অভিযোগ শীর্ষ সন্ত্রাসী ৩ টি মামলার এজাহারভুক্ত আসামি কিভাবে জেলা জজ আদালতে চাকরি করেন। দ্রæত তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানান তারা।
এ বিষয়ে অভিযুক্ত রুবেল বলেন,‘আমি মামলার আসামী সত্য। আমার মামলার কথা জানিয়েই চাকরীতে যোগ দিয়েছি।’










