বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্কঃ আজ থেকে চারটি ফোনে একই হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট লগ ইন করা যাবে বলে জানিয়েছেন মেটা’ র সহ-প্রতিষ্ঠাতা এবং সিইও মার্ক জুকারবার্গ। ২৫ এপ্রিল মঙ্গলবার মার্ক জুকারবার্গ তার ভেরিফায়েড ফেসবুক পেজের এক পোস্টে এ তথ্য নিশ্চিত করেন।
আগে ব্যবহারকারীরা একটি হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট ডেস্কটপ এবং স্মার্টফোনে একই সময়ে লগইন করার সুবিধা পেতেন। কিন্তু এখন সংযুক্ত ডিভাইসের সংখ্যা বৃদ্ধি করা হলো। মেটা-মালিকাধীন প্ল্যাটফর্মটি বিগত বেশ কয়েক মাস ধরে সীমিত সংখ্যক বেটা টেস্টারদের নিয়ে ‘কম্প্যানিয়ন মোড’ ফিচারটি পরীক্ষা করছিল।
হোয়াটসঅ্যাপের ফিচার ট্র্যাকিং সাইট প্রদত্ত লেটেস্ট রিপোর্ট অনুসারে, উক্ত ম্যাসেজিং অ্যাপের অ্যান্ড্রয়েড বেটা সংস্করণ ভি২.২৩.৮২ (v2.23.8.2) -এ এই কম্প্যানিয়ন মোড পাওয়া যাবে এবং প্রত্যেক বেটা প্রোগ্রামে অংশগ্রহণকারী এই ফিচারটি অ্যাক্সেস করতে পারবেন। আরেকটু সহজ করে বললে, আপনি যদি একজন হোয়াটসঅ্যাপ ব্যবহারকারী হন তবে হোয়াটসঅ্যাপের এ সুবিধা নেওয়ার জন্য আপনাকে সর্বশেষ অ্যান্ড্রয়েড বেটা সংস্করণে ডাউনলোড করতে হবে।
কম্প্যানিয়ন মোড চালু করার পর হোয়াটসঅ্যাপ ব্যবহারকারীরা তাদের বর্তমান অ্যাকাউন্টকে মোট চারটি ডিভাইসের সাথে লিঙ্ক করতে পারবেন। শুধু তাই নয়, প্রাইমারি স্মার্টফোনে ইন্টারনেট কানেকশন সক্রিয় না থাকলেও লিঙ্কযুক্ত সেকেন্ডারি ডিভাইসগুলোতে লেটেস্ট চ্যাট দেখা যাবে। এক্ষেত্রে আইওএস ডিভাইসে যেহেতু এই ফিচারটি অ্যাক্সেসযোগ্য নয়, সেহেতু সেকেন্ডারি ডিভাইসটিকে অবশ্যই একটি অ্যান্ড্রয়েড মোবাইল বা ট্যাবলেট হতে হবে।
এক্ষেত্রে ব্যবহারকারীরা যেসকল ডিভাইসের সাথে তাদের হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট সংযুক্ত করবেন প্রত্যেকটি ডিভাইসেই চ্যাট হিস্ট্রি স্ক্যান করা হবে। তাই প্রাইমারি হোক বা সেকেন্ডারি, যেকোনো ডিভাইসে একই সময়ে একই ম্যাসেজ ঢুকবে।
কীভাবে চারটি ডিভাইসে একসঙ্গে হোয়াটসঅ্যাপ ব্যবহার করবেন?
সেকেন্ডারি একটি অ্যান্ড্রয়েড মোবাইল/ট্যাবলেট ডিভাইসের সাথে হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট লিঙ্ক করতে প্রথমেই ব্যবহারকারীদের গুগল প্লে স্টোর থেকে হোয়াটসঅ্যাপ ম্যাসেঞ্জার বা হোয়াটসঅ্যাপ বিজনেস এর সর্বশেষ বেটা সংস্করণ ডাউনলোড করতে হবে৷
এরপর রেজিস্ট্রেশন/সেটিংস স্ক্রিনে থাকা ওভারফ্লো মেনুতে ট্যাপ করলে ‘কানেক্ট এ ডিভাইস’ বিকল্পটি পাবেন। এতে ট্যাপ করার পর সেকেন্ডারি ডিভাইসে আসা কিউআর কোডটি স্ক্যান করতে হবে। তারপর চারটি সেকেন্ডারি ডিভাইসের সাথে হোয়াটসঅ্যাপ সংযুক্ত করা যাবে।












