বরিশাল প্রতিনিধিঃ
এনজিও থেকে ঋণ উত্তোলন করে না দেয়ায় বাবার বিরুদ্ধে ছেলেকে হত্যার জন্য কুপিয়ে গুরুত্বর জখম করার অভিযোগ পাওয়া গেছে। তাকে উপজেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় থানায় লিখিত অভিযোগ দায়েরের পর বৃহস্পতিবার (১০ নভেম্বর) সকালে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন। ঘটনাটি জেলার আগৈলঝাড়া উপজেলার বেলুহার গ্রামের।
এ ঘটনায় স্বামীর বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ দায়ের করা আহত শাহিন সরদারের মা বিউটি বেগম জানান, তার স্বামী সুমন সরদার তাকে এবং তার ছেলে শাহিনকে বাড়িতে রেখে ঢাকায় গিয়ে আরেকটি বিয়ে করে সংসার করছেন। তাদের কোন সহযোগিতা না করলেও অতিসম্প্রতি সুমন সরদার বাড়িতে এসে ছেলে শাহিন সরদারকে এনজিও থেকে ঋণ উত্তোলন করে দেয়ার জন্য চাঁপ প্রয়োগ করেন। ছেলে শাহিন এনজিও থেকে ঋণ উত্তোলনে অপরাগতা জানালে তার পিতা সুমন সরদারের সাথে বাগ্বিতন্ডা হয়।
তারই ধারাবাহিকতায় বুধবার দিবাগত মধ্যরাতে সুমন ধারালো অস্ত্র দিয়ে তার ঘুমন্ত ছেলে শাহিনকে হত্যার জন্য কুপিয়ে জখম করে। এসময় শাহিনের চিৎকারে স্থানীয়রা এগিয়ে আসলে সুমন পালিয়ে যায়।
থানার ওসি (তদন্ত) মাজহারুল ইসলাম অভিযোগ পাওয়ার সত্যতা স্বীকার করে বলেন, খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। এ ঘটনায় সুমন সরদারকে গ্রেফতারের জন্য পুলিশের অভিযান চলছে।










