খেলা ডেস্কঃ আন্তর্জাতিক ক্রিকেটের সর্বোচ্চ সংস্থা আইসিসি’র ক্রিকেট কমিটির চেয়ারম্যান হিসেবে দায়িত্ব নিয়েছেন সৌরভ গাঙ্গুলি। বিশ্বের অন্যতম সেরা এই সাবেক ক্রিকেটার তাঁর ক্রিকেট ও প্রশাসনিক অভিজ্ঞতা দিয়ে ক্রিকেটকে এগিয়ে নিয়ে যাবে বলে জানিয়েছেন আইসিসি’র চেয়ারম্যান গ্রেগ বার্কলায়।
এর আগে সাবেক ভারতীয় অধিনায়ক ও সৌরভ গাঙ্গুলি’র সতীর্থ অনিল কুম্বলে সর্বোচ্চ তিন মেয়াদে নয় বছর আইসিসি’র ক্রিকেট কমিটির চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেছেন। প্রায় এক দশক আইসিসি’র সংগে অসাধারণ কাজ করায় কুম্বলেকে ধন্যবাদ দিয়েছেন বার্কলায়।
এছাড়া ১৬ নভেম্বর মঙ্গলবার আইসিসি’র বোর্ড সভায় কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তাঁর মধ্যে অন্যতম আফগানিস্তানের ক্রিকেটের রূপরেখা কী হবে তা নিয়ে কমিটি গঠন করা। তালেবান সরকার ক্ষমতায় আসায় আফগান নারী ক্রিকেট দল নিয়ে ধোঁয়াশা তৈরি হয়েছে। আফগানিস্তানের আইসিসি’র পূর্ণাঙ্গ সদস্যপদ হুমকির মুখে পড়ে গেছে।
আইসিসি পুরুষ দলের পাশাপাশি আফগানিস্তানের নারী দলের উন্নয়নের ধারা অব্যাহত রাখতে চান। সেজন্য ইমরান খাজাকে প্রধান করে কমিটি গঠন করা হয়েছে। ওই কমিটিতে আছেন রস ম্যাককালাম, লউসন নায়ডু ও রমিজা রাজা। বার্কলার জানিয়েছেন, তাঁরা আফগানিস্তানের ক্রিকেটের ইতিবাচক উন্নতির পথ অব্যাহত রাখতে চান। ক্রিকেট ভাগ্যবান যে, আফগানিস্তানের মতো একটা দল পেয়েছে। তাঁদের পূর্ণাঙ্গ সদস্য পদের মর্যাদা ধরে রাখতে কমিটি পথ খুঁজে বের করবে।












