জনতার খবর ডেস্কঃ প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ‘অনেক সংগ্রামের মাধ্যমে দেশে গণতন্ত্র আনতে সরকার সক্ষম হয়েছে। গণতন্ত্র আছে বলেই দেশের উন্নতি হচ্ছে।’
২৮ ফেব্রুয়ারি মঙ্গলবার কিশোরগঞ্জের মিঠামইনে আওয়ামী লীগের জনসভায় যোগ দিয়ে প্রধানমন্ত্রী এসব কথা বলেন। দীর্ঘ দুই যুগ পর প্রধানমন্ত্রী শেখ হাসিনা মিঠামইন গেলেন। তার এই সফরকে কেন্দ্র করে হাওরাঞ্চলে বিরাজ করছে উৎসমুখর পরিবেশ।
এসময় তিনি বলেন, হাওড় অঞ্চলের পাশাপাশি দেশের সাধারণ মানুষের ভাগ্যের পরিবর্তন করাই সরকারের লক্ষ্য। এর আগে কিশোরগঞ্জে নবনির্মিত বীর মুক্তিযোদ্ধা আবদুল হামিদ সেনানিবাস উদ্বোধন করেন প্রধানমন্ত্রী। বেলা ১১টা ২০ মিনিটে এটি উদ্বোধন করে প্রধানমন্ত্রী সেনানিবাস এলাকায় একটি গাছের চারা রোপণ করে মোনাজাতে অংশ নেন।
আবদুল হামিদ সেনানিবাসটি ২৭৫ একর জমির ওপর নির্মাণ করা হয়েছে। মঙ্গলবার বেলা ১১টায় প্রধানমন্ত্রী কিশোরগঞ্জের মিঠামইনে পৌঁছান।












