নিজস্ব প্রতিবেদক, বরিশাল ॥
মাত্র নয় বছর বয়সে হারিয়ে যাওয়ার ২০ বছর পর মা ও বাবাকে ফিরে পেয়েছেন বেবী আক্তার। তবে এখন তার (বেবী) রয়েছে স্বামী ও দুই সন্তান। বৃহস্পতিবার দিবাগত রাতে জেলার আগৈলঝাড়া থেকে স্বামী-সন্তানহ বাবা ও মায়ের সাথে রাজশাহী জেলার মোহনপুর উপজেলার দুর্গাপুরের নিজ গ্রামে ফিরে যান গৃহবধূ বেবী আক্তার।
জানা গেছে, ২০০২ সালে আর্থিক অচ্ছলতার জন্য ঢাকার মিরপুরের এক বাসায় বেবীকে কাজে দেয়া হয়। বেবী ওই পরিবারে দশ মাস থাকলেও নির্যাতনের কারনে সে পালিয়ে যায়। তখন বেবীকে রাস্তার পাশে কান্না করতে দেখে জেলার আগৈলঝাড়া উপজেলার সাবেক ভাইস চেয়ারম্যান জসিম সরদারের মা শাহানুর বেগম তাকে (বেবী) নিজ গ্রামে নিয়ে আসেন। তখন বেবী তার নাম ও উপজেলার নাম বলতে পারলেও বাবা-মায়ের ঠিকানা বলতে পারেনি। অনেক চেষ্টা করেও সেসময় বেবীর পরিবারের খোঁজ মেলেনি।
সূত্রমতে, হারিয়ে যাবার পর আগৈলঝাড়া উপজেলার কালুপাড়া গ্রামের মৃত ওয়াজেদ আলী সরদারের স্ত্রী শাহানুর বেগমের বাড়িতে নিজের মেয়ের মতো বড় হয়েছেন বেবী। ২০১৪ সালে তাকে স্থানীয় নগরবাড়ি গ্রামের বাসিন্দা ব্যবসায়ী সোহেল ফকিরের সাথে বিয়ে দেয়া হয়। বর্তমানে স্বামী, এক ছেলে ও এক মেয়ে নিয়ে বেবীর সুখের সংসার।
আগৈলঝাড়া উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান জসিম সরদার বলেন, আমার মা শাহানুর বেগম ঢাকার এক আত্মীয়র বাসায় বিয়ের অনুষ্ঠানে গিয়েছিলেন। তখন রাস্তার পাশে কান্না করতে দেখে আমার মা বেবীর কাছে এগিয়ে গেলে তাকে জড়িয়ে ধরে বেবী মায়ের সাথে আসার জন্য কান্নাজুড়ে দেয়। তখন মা বেবীকে আমাদের গ্রামের বাড়িতে নিয়ে আসে। সেই থেকে বেবী আমাদের পরিবারের সন্তান হিসেবে বড় হয়। এমনকি বেবীর জাতীয় পরিচয়পত্রেও আমার বাবা-মায়ের নাম দেয়া হয়েছে।
বেবী আক্তার বলেন, কোনোদিন ভাবতেও পারিনি বাবা ও মাকে আবার ফিরে পাবো। আমার একটাই চাওয়া ছিলো জীবনে মা ও বাবাকে যেন একবার হলেও দেখতে পারি। পরে আমিনুল ইসলাম দুর্গাপুর ইউনিয়নের চেয়ারম্যানের মাধ্যমে আমার বাবা ও মাকে খুঁজে বের করেছেন।
বেবীর বাবা রাজশাহী জেলার মোহনপুর উপজেলার দুর্গাপুর গ্রামের বাসিন্দা দিনমজুর রফিজ মন্ডল বলেন, জীবনে কোনদিন ভাবিনী হারানো মেয়েকে খুঁজে পাবো। মেয়ের সুখের সংসার দেখে আজ সত্যি আমি গর্বিত। মা সুফিয়া বেগম বলেন, অনেকস্থানে খোঁজাখুঁজি করেও বেবীকে পাইনি। জীবনের শেষ সময়ে এসে বেবীকে ফিরে পাবো তা কোনদিন আশাও করিনি। আজ মেয়েকে খুঁজে পেয়ে আমরা খুবই আনন্দিত। তাই হারানো মেয়ে, জামাতা ও নাতীদের নিয়ে নিজ গ্রামে ফিরে যাচ্ছি।










