বরিশাল ব্যুরো ॥
শিক্ষাব্যবস্থা জাতীয়করণ, ননএমপিও শিক্ষক-কর্মচারীদের এমপিওভূক্তকরণ, পূর্ণাঙ্গ বাড়িভাড়া ও উৎসব ভাতা প্রদানসহ ১১ দফা দাবি আদায়ে বরিশালে মানববন্ধন করেছেন কলেজ-বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা। বুধবার (১৮ মে) সকালে নগরীর আশ্বিনী কুমার টাউন হলের সামনে বাংলাদেশ কলেজ-বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি (বাকবিশিস) জেলা কমিটির উদ্যোগে এ কর্মসূচী অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে জেলা কমিটির সভাপতি অধ্যক্ষ মশিউর রহমানের সভাপতিত্বে আরও বক্তব্য রাখেন বাকবিশিসের কেন্দ্রীয় যুগ্ম আহ্বায়ক অধ্যক্ষ মিজানুর রহমান, বিভাগীয় কমিটির আহ্বায়ক অধ্যাপক জলিলুর রহমান,জেলা কমিটির সাধারণ সম্পাদক আনোয়ার উল হক, বিভাগীয় কমিটির সাংগঠনিক সম্পাদক মনির হোসেন শাহীন ও কোষাধ্যক্ষ অধ্যাপক ওমর ফারুক প্রমূখ।
বক্তারা বলেন, বিজ্ঞানমনষ্ক জাতি গঠনে শিক্ষাব্যবস্থা জাতীয়করণ করতে হবে। শিক্ষানীতি ২০১০ বাস্তবায়ন করলে নানাবিধ সমস্যার উদ্ভব হবে। অন্যতম সমস্যা হচ্ছে- উচ্চ মাধ্যমিক স্কুল এবং কলেজগুলোর সহকারী অধ্যাপকের পরিবর্তে জ্যেষ্ঠ প্রভাষক নামে পদায়ন করা হয়েছে। শিক্ষা সমাজের সঙ্গে তামাশার সমতুল্য এ পদায়ন অবিলম্বে বন্ধের দাবি জানায় বক্তারা।
মানববন্ধন শেষে শিক্ষকরা অতিরিক্ত জেলা প্রশাসকের মাধ্যমে শিক্ষামন্ত্রী বরাবর স্মারকলিপি পেশ করেন।










