মোঃ মোছাদ্দেক হাওলাদার, বরিশাল ব্যুরো
হত্যা মামলা উত্তোলনের জন্য মারধরসহ আসামির স্বজনদের অব্যাহত হুমকির মুখে স্কুল ও কলেজের যাওয়া বন্ধ করে দিয়েছেন বাদীর ছেলে-মেয়ে। এ ঘটনায় প্রশাসনের উর্ধ্বতন কর্মকর্তাদের আশু হস্তক্ষেপ কামনা করেছেন মামলার বাদী ও অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা গিয়াস উদ্দিন। ঘটনাটি নগরীর কাশিপুর ফিসারী রোড এলাকার।
সোমবার সকালে নিহত গৃহবধূর স্বামী ও হত্যা মামলার বাদী গিয়াস উদ্দিন অভিযোগ করে বলেন, সন্ত্রাসীদের হামলায় স্ত্রীকে হারিয়ে থানায় মামলা দায়ের করায় আসামিদের স্বজনদের হামলার স্বীকার হয়েছি। বর্তমানে তাদের অব্যাহত হুমকির মুখে ছেলে-মেয়ের স্কুল ও কলেজে যাওয়া বন্ধ হয়ে গেছে।
সূত্রমতে, বাড়ি নির্মানে দাবীকৃত চাঁদার টাকা না দেয়ায় গত ৪ এপ্রিল গিয়াস উদ্দিনের ওপর হামলা চালায় একই এলাকার তাওহীদ হোসেন মনু ও তার সহযোগীরা। এসময় স্বামীকে রক্ষা করতে এগিয়ে আসলে হামলাকারীদের ইটের আঘাতে নিহত হন গিয়াস উদ্দিনের স্ত্রী আফিয়া খাতুন (৪৫)। এ ঘটনায় নিহতের স্বামী বাদী হয়ে বিমানবন্দর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।
গিয়াস উদ্দিন অভিযোগ করেন, মামলা দায়েরের পর থেকেই প্রধান আসামি তাওহীদ হোসেন মনুর সহযোগী ও স্বজনরা মামলা উত্তোলনের জন্য তাকে বিভিন্ন ধরনের ভয়ভীতিসহ প্রাণনাশের হুমকি দিয়ে আসছে। ইতোমধ্যে তাকে (গিয়াস উদ্দিন) ও তার দুই ভাগ্নেকে গত ৭ এপ্রিল মারধর করে তাওহীদ হোসেন মনুর বড় ভাই হুমায়ুন কবীর। হামলার ঘটনায় বিমানবন্দর থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।
অভিযোগপ্রাপ্তির সত্যতা স্বীকার করে থানার ওসি কমলেশ সরকার বলেন, দ্বিতীয় অভিযোগের তদন্ত চলছে। পাশাপাশি হত্যা মামলার আসামিদের গ্রেফতারের জন্য পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।










