ঝালকাঠি প্রতিনিধিঃ
স্ত্রীকে হত্যা করার জন্যই ঢাকায় নিয়ে গিয়েছিলো স্বামী দাবিকৃত যৌতুকের টাকা ও স্বর্ণলঙ্কার না পেয়ে ঝালকাঠির মেয়ে এক সন্তানের জননী সুমাইয়া আফরিনকে পরিকল্পিত ভাবে হত্যা করার জন্যই ঢাকায় নিয়ে গিয়ে ছিলেন তার স্বামী ওমর ফারুক।
এমনই একটি অভিযোগ দায়ের করে থানায় মামলা করেছেন নিহত সুমাইয়ার বাবা মনিরুজ্জামান তালুকদার। সেই মামলায় আসামী করা হয়েছে তার স্বামী ওমর ফারুক, শশুর,শাশুড়িসহ আরো দুই জনকে। মামলায় নিহতর বাবা উল্লেখ করেন, ২০২০ সালের অক্টোবর মাসে ঝালকাঠির খাগুটিয়া গ্রামের মনিরুজ্জামান তালুকদারের মেয়ে সুমাইয়া আফরিন (১৯) এর সাথে পারিবারিক ভাবে বিবাহ হয়েছিলো ঝালকাঠির সুগন্ধিয়া গ্রামের মজিবুর রহমানের ছেলে ওমর ফারুক এর সাথে। বিয়ের পর থেকেই তার স্বামী ওমর ফারুক যৌতুকের জন্য বিভিন্ন সময় সুমাইয়াকে শারীরিক ও মানসিকভাবে নির্যাতন করতেন। স্বামী ও শাশুড়ির নির্যাতন সইতে না পেরে প্রায় সময় তার মেয়ে শশুর বাড়ি ছেড়ে বাবার বাড়িতে চলে আসতেন। পরে তাকে বুঝিয়ে কয়েকবার পূনরায় তার শশুর বাড়িতে দিয়েও এসেছিলেন তিনি।
নিহতের বাবা মনিরুজ্জামান নিউজবাংলাকে বলেন, সুমাইয়ার স্বামী ওমর ফারুক ঢাকার সদর ঘাটে কাপড়ের ব্যবসা করাতো। সুমাইয়াকে পরিকল্পিত ভাবে মেরে ফেলার জন্য হত্যার ১৯ দিন পূর্বে রাজধানীর উত্তর যাত্রাবাড়ী মাদ্রাসা রোডের মো. ইয়াছিন হাওলাদারের ৭৬/১/এ/৪ নম্বর বাড়ীর ৪র্থ তলায় ফ্ল্যাট ভাড়া করে আমার মেয়ে সুমাইয়া এবং তার ৬ মাসের সন্তানকে নিয়ে বসবাস।শুরু করেছিলো ওমর ফারুক। ঐ বাড়িতে থাকাবস্থায়ও সুমাইয়াকে মানসিক ভাবে অত্যাচার করতো স্বামী ওমর ফারুক। হত্যার আগের দিন সুমাইয়া তার মা’কে ফোন করে জানিয়েছিলো স্বামী তাকে শারীরিক ও মানসিক ভাবে নির্যাতন করেছেন এমন তথ্য দিয়েছে নিহতের বাবা মনিরুজ্জামান। তিনি আরো বলেন, চলতি বছরের ১৩ জানুয়ারী রাত সোয়া ১১ টায় সুমাইয়ার মাকে ফোন করে জামাতা ওমর ফারুক জানান, আপনার মেয়ে হঠাৎ অসুস্থ হয়ে পড়েছে। আমি তাকে নিয়ে হাসপাতালে যাচ্ছি। আপনারা এখনই ঢাকায় আসেন। আপনার মেয়ের অবস্থা বেশি একটা ভালো না।
তাতক্ষনিক ভাবে সুমাইয়ার মা-বাবা ও পরিবারের অন্যান্য সদস্যরা ঢাকায় গেলে ওমর ফারুক তার শশুরবাড়ির লোকদের জানান সুমাইয়া ওড়না দিয়ে ফ্যানের সাথে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে। ঐ ফ্ল্যাটের পাশ্ববর্তী রুমের লোকজনের বরাত দিয়ে সুমাইয়ার বাবা বলেন, ঘটনার সময় পাশের রুমের লোকজন এসে তার মেয়েকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসকরা তাকে ভর্তি করে আইসিইউতে রেফার করেন। গত ১৪ জানুয়ারী সকাল সাড়ে ৬ টার দিকে চিকিৎসাধীন অবস্থায় সুমাইয়ার মৃত্যু হয়। তবে সুমাইয়ার পরিবারের দাবি তার মেয়ে আত্মহত্যা করেনি। সুমাইয়াকে হত্যা করার জন্যই তার স্বামী ওমর ফারুক পরিকল্পিত ভাবে তার মেয়েকে ঢাকায় নিয়ে গিয়ে হত্যা করেছে। সুমাইয়ার মৃত্যুর বিষয়টি সন্দেহজনক বলে তারা বাবা মনিরুজ্জামান তালুকদার বাদী হয়ে পরদিন ১৫ জানুয়ারী রাজধানীর যাত্রাবাড়ী থানায় ৩০৬/৩৪ ধারায় জামাতা ওমর ফারুকসহ ৪ জনকে আসামী করে একটি মামলা দায়ের করেন। মামলা নম্বর-২৪৩(৭)/১।
এ মামলায় অভিযুক্ত ১ নম্বন আসামী ওমর ফারুককে যাত্রাবাড়ী থানা পুলিশ আটক করে আদালতে প্রেরন করেন। এ বিষয়ে অভিযুক্ত ওমর ফারুকের বড় ভাই ফোরকান বলেন, যৌতুকের জন্য তাকে শারীরিক অথবা মানসিক নির্যাতন করা হয়নি। এমন কি তাকে হত্যাও করা হয়নি। স্বামী-স্ত্রীর মধ্যে পারিবারিক কলহের কারনে আত্মহত্যা করেছে বলে তাদের দাবি। তিনি আরো বলেন, লাশের ময়নাতদন্তের রিপোর্টে যদি আসে আমার ভাই তার স্ত্রীকে হত্যা করেছে। তাহলে আদালত যে বিচার করবে সেটাই আমরা মেনে নিবো। কিন্তু তার আগে আমার ভাইকে অপরাধী বলা যায় না। এ বিষয়ে মামলার তদন্ত কর্মকতা (সাব-ইন্সপেক্টর) মাহমুদা রহমান বলেন, হত্যার অভিযোগ এনে থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। মামলার ১ নং আসামীকে আটক করে আদালতে প্রেরন করেছি। আমাদের তদন্ত চলমান রয়েছে। মামলার বাকি আসামীদের গ্রেফতারের চেষ্টাও চলছে।










