বরিশাল প্রতিনিধিঃ বরিশালে বিএনপির সমাবেশ শেষ করে বাসায় ফেরার পথে ট্রাকচাপায় মাওলানা আকতার হোসেন (৪৫) নামে এক বিএনপি নেতা নিহত হয়েছে। বৃহস্পতিবার রাতে বরিশাল ক্যাডেট কলেজের সামনে বরিশাল-ঢাকা মহাসড়কে এই দুর্ঘটনা ঘটে। এই ঘটনায় ঘাতক ট্রাকটিকে পুলিশ আটক করলেও চালক ও হেলপার পালিয়ে গেছে। নিহত মোটরসাইকেল চালক মাওলানা আকতার হোসেন (৪৫) উজিরপুর উপজেলার ওটরা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক ও স্থানীয় গুগীরকান্দা দাখিল মাদ্রাসার শিক্ষক ছিলেন।
পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, বরিশালে বিএনপির সমাবেশ করে মোটরসাইকেলযোগে বাড়ির উদ্দেশে রওয়ানা হন বিএনপি নেতা আকতার হোসেন। পথিমধ্যে বরিশাল ক্যাডেট কলেজের সামনে বিপরিত দিক থেকে আসা একটি ট্রাক তাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তিনি মৃত্যুবরণ করেন। বরিশাল বিমানবন্দর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কমলেশ চন্দ্র হালদার বলেন, সড়ক দুর্ঘটনায় নিহত মাদ্রাসা শিক্ষকের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে। এছাড়া ঘাতক ট্রাকটি আটক করা গেলেও চালক পলাতক রয়েছেন। এই ঘটনায় একটি মামলার প্রস্তুতি চলছে, জানান ওসি।’










