বরিশাল প্রতিনিধিঃ
স্বামী-স্ত্রীর পরিচয়ে ১০ বছর সংসার জীবন অতিক্রম করে বিয়ে না করায় উপজেলা সমাজসেবা অফিসারের বিরুদ্ধে মামলা দায়ের করেছেন এক তরুনী। এনিয়ে সংবাদ সম্মেলনও করেছেন তিনি। এ ঘটনায় যে তিন জায়গায় স্বামী-স্ত্রী পরিচয়ে বসবাস করেছেন তার স্বাক্ষী রয়েছে বলেও জানান তিনি। মঙ্গলবার (১৪ জুন) বেলা সাড়ে ১২টায় বরিশাল রিপোর্টার্স ইউনিটিতে (বিআরইউ) ভোলা সদর উপজেলা সমাজসেবা অফিসার মো. দেলোয়ার হোসেনের বিরুদ্ধে সংবাদ সম্মেলন করেন এক তরুনী।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে ভুক্তভোগী জানান, ২০১০ সালের মাঝামাঝি সময় তিনি ঝালকাঠী সমাজ সেবা অফিসে ৬ (ছয়) মাস মেয়াদী কম্পিউটার প্রশিক্ষণের জন্য ভর্তি হন। পরে সমাজসেবা অফিসে আসা-যাওয়ার সময় ঝালকাঠী সমাজসেবা অফিসার মো. দেলোয়ার হোসেনের সঙ্গে তার পরিচয় হয়। পরিচয়ের সূত্রে দুজনের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। একপর্যায়ে ওই তরুনীকে অন্যত্র বিয়ে দিয়ে দেয় তার পরিবারের সদস্যরা। স্বামীর সংসারে থাকা অবস্থায দেলোয়ার হোসেন প্রায় ওই তরুনীকে ফোন দিতেন। পরে তিনি এভাবে তার সঙ্গে যোগাযোগ করতে বারণ করলেও দেলোয়ার তা শুনতেন না। বিষয়টি জানাজানি হলে সংসারে অশান্তি শুরু হয় তার। একপর্যায়ে স্বামীর সঙ্গে বিচ্ছেদ হয়ে যায়। পরে ভুক্তভোগীকে বিয়ে করে সংসার করার প্রস্তাব দেন দেলোয়ার। প্রস্তাবে রাজি হয়ে বাবার বাড়ি ছেড়ে দেলোয়ারের কাছে চলে যান তিনি। সেসময় দেলোয়ার ভোলা সদর উপজেলা সমাজসেবা অফিসার পদে কর্মরত ছিলেন। এখনও ওই পদে কমর্রত রয়েছেন।
সেখান থেকে বরিশাল এসে স্বামী-স্ত্রী পরিচয়ে বাসা ভাড়া নেন তারা। প্রথমে নগরীর নথুল্লাবাদ ভাড়ার বাসায় বসবাস করতে শুরু করেন। পরে নগরীর ১৪ নম্বর ওয়ার্ড মীরা বাডরিপুল সংলগ্ন এলাকার একটি বসতঘরে এবং এরপর একই এলাকায় আরেকটি ভাড়া বাসায় তারা বসবাস শুরু করে। এখনও সেখানে রয়েছেন। দেলোয়ার ভোলা থেকে প্রতি বৃহস্পতিবার সন্ধ্যায় আসতেন। আবার রোববার সকালে চলে যেতেন। তাছাড়া সরকারি ছুটির দিনও আসতেন তিনি। মাঝেমধ্যে দেলোয়ার তার গ্রামের বাড়িও চলে যেতেন। ১০ বছর একত্রে সংসার করার বিষয়টি জানেন বসতঘরের ভাড়া থাকা স্থানের অনেক স্থানীয়। সংসার জীবনে ভুক্তভোগী দু’বার গর্ভবতী হলেও দেলোয়ার তা নষ্ট করে ফেলেছেন। চলতি বছরের ফেব্রুয়াারি মাসের দ্বিতীয় সপ্তাহের মধ্যে তিনি দেলোয়ারের কাছে সামাজ ও ধর্মীয় অনুযায়ী বৈধভাবে স্ত্রীর অধিকার চান। প্রয়োজনে নিজ ত্যাগ করার কথাও বলেন তিনি। এসব না মানলে তিনি আর শারীরিক সম্পর্ক করবেন না বলে জানান। একথা বলামাত্রই ওই ঘরেই তাকে ধর্ষণ করেন। তারপর থেকে দেলোয়ার আর ভুক্তভোগীর সঙ্গে যোগাযোগ করে না। ভাড়ার বসতঘরে যান না। এনিয়ে ওই নারী একাধিকবার ভোলায় গিয়ে দেলোয়ারকে ফিরিয়ে আনতে চাইলেও ব্যর্থ হন।
তিনি আরও বলেন, উপায় না পেয়ে ১১ মে দেলোয়ার হোসেনকে আসামি করে বরিশাল কোতয়ালী মডেল থানায় ধর্ষণ মামলা দায়ের করেন তিনি।
ভোলা সদর উপজেলা সমাজসেবা অফিসার মো. দেলোয়ার হোসেন বলেন, ওই নারীকে ব্যক্তিগতভাবে চিনেন তিনি। পরিচয়ের সুবাদে পাশাপাশি একত্রে ছবি থাকতেই পারে তাদের। কিন্তু ওই নারী যা বলেছেন তা সত্য নয়। তবে মাঝে মধ্যে ভুক্তভোগীর বসতঘরে যেতেন বলে স্বীকার করেছেন তিনি।
ভোলা সমাজসেবা অধিদফতরের উপ-পরিচালক মো. নজরুল ইসলাম বলেন, অভিযোগ পেয়েছি। লোকমুখে ঘটনা শুনেছিও। এমনকি অভিযোগকারী তার কাছেও গিয়েছিলেন। এছাড়া লিখিত অভিযোগ পেলে ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে আলোচনা করে প্রয়োজনীয় ব্যবস্থাগ্রহণ করা হবে বলেও জানান তিনি।
কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজিমুল করিম বলেন, ভোলা সদর উপজেলা সমাজসেবা অফিসার মো. দেলোয়ার হোসেনের বিরুদ্ধে যুবতির দায়ের করা ধর্ষণ মামলাটি বর্তমানে তদন্তাধীন রয়েছে। মামলার তদন্ত প্রক্রিয়া শেষে চার্জশিট দেওয়া হবে।










