গোপালপুর প্রতিনিধিঃ অলৌকিকভাবে মেয়ে থেকে ছেলেতে রূপান্তরিত হয়ে গেলো লাবনী আক্তার। তাঁর বয়স ১৫ বছর। লাবনী ২০২১ সালের এসএসসি পরীক্ষার্থী ছিলেন। এমন চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে টাঙ্গাইল গোপালপুর উপজেলার মির্জাপুর ইউনিয়নে নঠুরচর পশ্চিম পাড়া গ্রামে।
গত সাত মাস আগে তার শারীরিক পরিবর্তন ঘটলেও ৮ অক্টোবর শুক্রবার সকাল থেকে এই ঘটনা জানাজানি হয়। এই ঘটনায় এলাকাজুড়ে তোলপাড় সৃষ্টি হয়েছে। মেয়ে থেকে ছেলেতে রূপান্তরিত হওয়া লাবনী আক্তারকে একনজর দেখতে প্রতিদিন দূর-দূরান্ত থেকে অসংখ্য মানুষ ভীড় জমাচ্ছে।
লাবনী’র বাবা জানান, তাঁর মেয়ে এবার উপজেলার ফকির মরিয়ম উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি পরীক্ষা দেবে। গত বৃহস্পতিবার তিনি স্ত্রীর কাছ থেকে জানতে পারেন, যে তাঁর মেয়ে লাবনী’র হঠাৎ শারীরিক পরিবর্তন হয়ে ছেলেতে রূপান্তরিত হয়েছে। পরে বিষয়টি ছড়িয়ে পড়লে মানুষের মুখে মুখে চারদিকে জানাজানি হয়ে যায়। এরপর থেকেই দিনরাত মানুষ ভীড় করছে তাঁকে দেখার জন্য। এখন তাঁর শারীরিক গঠন পুরুষের মতো। এছাড়া চেহারাতেও কিছুটা পরিবর্তন এসেছে। ছেলেতে রূপান্তরিত হওয়ার পর তাঁর নাম রাখা হয়েছে আব্দুলাহ জিসান। এই ব্যাপারে লাবনী আক্তার জানান, তিনি গত সাত মাস থেকেই এমন কিছু ঘটছে বলে আন্দাজ করতে পারেন। কিন্তু লোক-লজ্জায় তখন কিছু বলতে পারেননি।
লাবনী’র মা জানান, ছয় মাস আগে লাবনী আক্তারের বিয়ে ঠিক করা হয় একই উপজেলার মাকুলা গ্রামে। তখন লাবনী আক্তার বিয়েতে অসম্মতি প্রকাশ করে তাঁর রূপান্তরিত হওয়া ঘটনাটি বললে তিনি বিশ্বাস করেননি। পরে তিনি সবকিছু দেখে শুনে বিশ্বাস করেন। আগে তাদের দুই মেয়ে ছিলো। এখন এক ছেলে ও এক মেয়ে হওয়ায় তারা খুশি।
গোপালপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার-পরিকল্পনা কর্মকর্তা ডা. আলিম আল রাজি বলেন, আমাদের দেশে মাঝেমধ্যেই এই ধরনের ঘটনা ঘটছে। এটা সাধারণত হরমোন পরিবর্তনের কারণে ঘটে থাকে।










