ঝালকাঠি প্রতিনিধিঃ
ঝালকাঠিতে লঞ্চে অগ্নিকাণ্ডের ঘটনায় ঝালকাঠি সদর থানায় একটি অপমৃত্যুর মামলা দায়ের করেছেন জেলা গ্রাম পুলিশের সদস্য জাহাঙ্গীর হোসেন।
ঝালকাঠি সদর থানার ওসি খলিলুর রহমান জানান, শনিবার সকালে স্থানীয় গ্রাম পুলিশ জাহাঙ্গীর হোসেন এ মামলা দায়ের করেন। এ ঘটনার তদন্ত চলছে।
এর আগে সকালে পুড়ে যাওয়া লঞ্চটি পরিদর্শনে যান নৌ পরিবহন মন্ত্রণালয়ের গঠিত তদন্ত কমিটির সদস্যরা।
এদিকে লঞ্চ দুর্ঘটনায় আরো ৪১ জন নিখোঁজ বলে দাবি করেছেন তাদের পরিবারের সদস্যরা। তাদের উদ্ধারে দ্বিতীয় দিনের মতো আবার অভিযানে নেমেছে ফায়ার সার্ভিস।
নিখোঁজদের সন্ধানে স্বজনেরা ভিড় করছেন ঝালকাঠির সুগন্ধা নদীর তীরে। স্বজনদের আহাজারিতে ভারি হয়ে আছে এলাকার পরিবেশ।
গত বৃহস্পতিবার দিনগত রাত ৩টার দিকে ঝালকাঠির সুগন্ধা নদীতে ভয়াবহ অগ্নিকাণ্ডের শিকার হয় যাত্রীবাহী লঞ্চ এমভি অভিযান-১০। এটি ঢাকা থেকে বরগুনার উদ্দেশে আসছিলো। মর্মান্তিক এ অগ্নিকাণ্ডে এ পর্যন্ত ৪২ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে।










