রাজাপুর প্রতিনিধি: ঝালকাঠির রাজাপুরে সিদ্দিকুর রহমান সিকদার (৫০) নামে এক আওয়ামী লীগ নেতার বিরুদ্ধে গৃহবধূকে যৌন নিপীড়নের অভিযোগ পাওয়া গেছে। ঘটনাটি উপজেলার শুক্তাগড় ইউনিয়নের কেওতা গ্রামে গতকাল মঙ্গলবার দুপুরে ঘটে। এ ঘটনায় ভুক্তভোগী গৃহবধূ লিখিত অভিযোগ করলে অভিযুক্ত সিদ্দিককে রাতেই আটক করে পুলিশ। অভিযুক্ত সিদ্দিক শুক্তাগড় ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি ও কেওতা গ্রামের মৃত মোহাম্মদ আলী সিকদারের ছেলে।
লিখিত অভিযোগ থেকে জানা যায়, মঙ্গলবার দুপুরে কেওতা মাদরাসার সামনের একটি দোকানে বিকাশ থেকে টাকা তুলতে যান ভুক্তভোগী ওই নারী। এ সময় অভিযুক্ত সিদ্দিক তাকে কাজ শেষে কথা শুনতে বলেন। সিদ্দিকের স্ত্রী তার সঙ্গে কথা বলবেন বলে কৌশলে নিজের বাড়িতে ওই নারীকে নিয়ে যায় সিদ্দিক। এ সময় ঘরে কেউ ছিল না। পরে ঘরের দরজা বন্ধ করে ওই নারীর শ্লীলতাহানি ঘটায় এবং ধর্ষণের চেষ্টা করেন সিদ্দিক। এ সময় পানি খাওয়ার কথা বলে কৌশলে সিদ্দিকের ঘর থেকে বেরিয়ে আসেন ওই নারী। পরে ইউনিয়ন পরিষদের নারী ইউপি সদস্যসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের বিষয়টি জানালে তারা এ ঘটনার বিচার করতে অপারগতা প্রকাশ করেন। পরে নিরুপায় হয়ে ওই নারী গতকাল রাতে থানায় এসে পুলিশের কাছে অভিযোগ করেন।
এ বিষয়ে রাজাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শহিদুল ইসলাম বলেন, ‘গৃহবধূকে যৌন নিপীড়নের ঘটনায় অভিযুক্তকে আটক করা হয়েছে। এ ঘটনায় রাতেই ওই গৃহবধূ বাদী হয়ে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করেন। সেই মামলায় গ্রেপ্তার দেখিয়ে আজ বুধবার সকালে আসামিকে আদালতে প্রেরণ করা হয়েছে।’










