বরিশাল ব্যুরো ॥
পহেলা বৈশাখের মঙ্গল শোভাযাত্রায় স্কুল ছাত্রীদের যৌণ হয়রানীর প্রতিবাদ করায় বখাটেরা হামলা চালিয়ে প্রধানশিক্ষকের কক্ষ ভাঙচুর করেছে বলে অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় শুক্রবার রাতে থানায় মামলা দায়ের করা হয়েছে। ঘটনাটি জেলার গৌরনদী উপজেলার মাহিলাড়া এএন মাধ্যমিক বিদ্যালয়ের।
শনিবার সকালে ওই বিদ্যালয়ের প্রধানশিক্ষক প্রণয় কান্তি অধিকারীসহ একাধিক শিক্ষকরা জানিয়েছেন, বিদ্যালয়ের উদ্যোগে পহেলা বৈশাখের মঙ্গল শোভাযাত্রা বের করে পাশ্ববর্তী ডিগ্রি কলেজের সামনের সড়ক দিয়ে যাচ্ছিলো। এসময় মোটরসাইকেলের উপরে বসা কয়েকজন বখাটেরা স্কুল ছাত্রীদের বিভিন্ন ধরনের যৌণ হয়রানী করে। এ নিয়ে স্কুলের শিক্ষকরা বাঁধা প্রদান করলে বখাটেরা স্কুল ঢুকে হামলা চালিয়ে প্রধানশিক্ষকের অফিস কক্ষ ভাঙচুর করে।
পরবর্তীতে উত্তেজিত জনতা ও স্কুল শিক্ষার্থীরা ধাওয়া করে এক বখাটেকে মারধর করে তার ব্যবহৃত মোটরসাইকেলে অগ্নিসংযোগ করে। প্রধানশিক্ষক প্রণয় কান্তি অধিকারী বলেন, খোঁজ নিয়ে সিহাব হাওলাদার নামের এক বখাটের পরিচয় নিশ্চিত হওয়ার পর থানায় মামলা দায়ের করা হয়েছে।
স্কুল ম্যানেজিং কমিটির সভাপতি, উপজেলা আওয়ামী লীগের যুগ্ন সাধারণ সম্পাদক ও স্থানীয় ইউপি চেয়ারম্যান সৈকত গুহ পিকলু জানান, স্কুল ছাত্রীদের উত্যক্ত করায় উত্তেজিত জনতা এক বখাটের মোটরসাইকেলে অগ্নিসংযোগ করেছে। অভিযোগ করে তিনি বলেন, পুরো ঘটনাটি ভিন্নখাতে প্রভাবিত করার জন্য আমার রাজনৈতিক প্রতিপক্ষরা বখাটের মোটরসাইকেল পোড়ানোর ঘটনায় আমাকে (ইউপি চেয়ারম্যান) মামলায় জড়িয়ে হয়রানি করার পাঁয়তারা করছে।
তিনি আরও বলেন, ২০০১ সালের নির্বাচনের সময় মাহিলাড়া এলাকায় আমাদের রাজনৈতিক অভিভাবক বঙ্গবন্ধুর ভাগ্নে আলহাজ্ব আবুল হাসানাত আব্দুল্লাহর গাড়িতে অগ্নিসংযোগ করা হয়। সেই মামলার আসামী ছিলো ছাত্রী উত্যক্তকারী বখাটে সিহাবের পিতা রাসেদুল হাওলাদার।
গৌরনদী মডেল থানার ওসি মোঃ আফজাল হোসেন জানান, পৃথক ঘটনায় দুইটি মামলা দায়ের করার পর পরিস্থিতি নিয়ন্ত্রনে আনতে দুইজনকে গ্রেফতার করে জেলহাজতে প্রেরণ করা হয়েছে। পুরো বিষয়টি নিয়ে তদন্ত চলছে।










