গৌরনদী প্রতিনিধিঃ
মায়ের নামের জমি লিখে নিয়ে ঘর থেকে মাকে বের করে দিয়েছে বড় ছেলে মাহাবুব আলম মৃধা (৫০)। এর প্রতিবাদ করায় তিন বোন, ছোট ভাই, বোন জামাতা ও ভাগ্নেদের বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়ে হয়রানী করার অভিযোগ পাওয়া গেছে।
ঘটনাটি জেলার গৌরনদী উপজেলার নলচিড়া গ্রামের। ঘর থেকে বের করে দেয়ার পর বৃদ্ধা মা হালিমা বেগম (৮২) নলচিড়া বাজারে থাকা তার মৃত স্বামীর একটি পরিত্যক্ত দোকান আশ্রয় নিয়ে মানবেতর জীবন যাপন করছেন।
স্থানীয়রা জানিয়েছেন, নলচিড়া গ্রামের শাহজাহান মৃধা গত ২০ বছর আগে মারা যান। তিনি মারা যাওয়ার পূর্বে তার স্ত্রী হালিমা বেগমের নামে ৬৪ শতক জমি লিখে দিয়েছেন। মঙ্গলবার সকারে বৃদ্ধা হালিমা বেগম জানিয়েছেন, তার বড় ছেলে মাহাবুব মৃধার বিভিন্ন ধরনের চাঁপ সৃষ্টি করে তার নামের জমি লিখে নিয়েছেন। পরবর্তীতে গত চারদিন পূর্বে তাকে তার স্বামীর ঘর থেকে বের করে দিয়েছে। তিনি (হালিমা বেগম) বলেন, আমি আমার স্বামীর ভিটায় ফিরে যেতে চাই। এ জন্য প্রশাসনের উর্ধ্বতন কর্মকর্তাদের হস্তক্ষেপ কামনা করেছেন বৃদ্ধা হালিমা বেগম।
মমিন মৃধা অভিযোগ করেন, মায়ের নামের জমি লিখে নেয়ার প্রতিবাদ করায় বড় ভাই মাহাবুব মৃধা তাকে (মমিন)সহ তার তিন বোন এবং বোন জামাতা, ভাগ্নেসহ ১০ জনকে আসামি করে হামলা ও লুটপাটের অভিযোগ এনে আদালতে একটি মিথ্যা মামলা দায়ের করেছে। বর্তমানে মাকে ঘর থেকে বের করে দেয়া হয়েছে।
অভিযুক্ত মাহবুব মৃধার ব্যবহৃত মোবাইল ফোনে একাধিকবার যোগাযোগ করা হলেও তিনি ফোন রিসিফ না করায় কোন বক্তব্য পাওয়া যায়নি। তবে নলচিড়া বাজার ব্যবসায়ী কমিটির সভাপতি বাদশা ফকির ও সাধারণ সম্পাদক রতন মিয়া বলেন, বৃদ্ধা হালিমা বেগমকে তার বড় ছেলে মাহাবুব মৃধা স্বামীর ভিটা থেকে বের করে দেয়ার পর সে বাজারে থাকা স্বামীর একটি দোকান ঘরে আশ্রয় নিয়েছেন। তারা আরও বলেন, ইতোমধ্যে বাজার কমিটির পক্ষ থেকে মাহাবুব মৃধার সাথে যোগাযোগ করে তার মাকে ঘরে নিয়ে যাওয়ার জন্য অনুরোধ করা হলেও সে (মাহাবুব) কারও কোন কথা শুনছেন না।










