ভান্ডারিয়া প্রতিনিধিঃ
পিরোজপুরের ভান্ডারিয়ায় পরীক্ষা দিয়ে বাড়ি ফেরার পথে নবম শ্রেণির স্কুলছাত্রী ধর্ষণের শিকার হয়েছে।
আজ ১২ জুন রবিবার সন্ধ্যায় স্কুলছাত্রীর মা বাদী হয়ে থানায় মামলা দায়ের করেন। মামলায় শামীম মৃধা (৩০) কে আসামী করা হয়েছে। শামীম পেশায় একজন শ্রমিক। সে উপজেলার ধাওয়া ইউনিয়নের রাজপাশা গ্রামের মৃত আব্দুল বারেক মৃধার পুত্র। তার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে।
পুলিশ ও পারিবারিক সুত্রে জানা গেছে, ওই ছাত্রী (১৬) শনিবার (১১ জুন) সকালে স্কুলে পরীক্ষা দিয়ে দুপুর ৩ টার দিকে বাড়ি ফেরার পথে অভিযুক্ত শামীম দেশীয় অস্রের মুখে স্থানীয় নাসির উদ্দিন হাওলাদারের কলা বাগানে নিয়ে ধর্ষন করে। পরে ওই কিশোরী বাড়ি ফিরে পরিবারের সদস্যদের বিষয়টি জানালে ছাত্রীর মা বাদি হয়ে ভান্ডারিয়া থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা করেন।
ভান্ডারিয়া থানা অফিসার ইনচার্জ মো. মাসুমুর রহমান বিশ্বাস জানান, ‘এ বিষয়ে মামলা নেওয়া হয়েছে। আসামিকে গ্রেপ্তারের চেষ্টা অব্যাহত রয়েছে। কিশোরীর শারীরিক পরীক্ষার জন্য আগামী কাল ১৩ জুন সোমবার পিরোজপুর জেলা সিভিল সার্জন কার্যালয়ে পাঠানো হবে।










