মো. সুজন, বেতাগী (বরগুনা)
বরগুনার বেতাগী পৌরসভার ৮ নং ওয়ার্ডের স্থায়ী বাসিন্দা ও অগ্রণী ব্যাংকের ঢাকা বি-ওয়াপদা শাখার সিনিয়র কর্মকর্তা নিখোঁজ মো: নজরুল ইসলাম (৫৭)‘র সন্ধান ও নিরাপত্তার দাবিতে স্বরাষ্ট্র মন্ত্রী আসাদুজ্জামান খানের নিকট স্মারক লিপি দেওয়া হয়েছে।
বেতাগী উপজেলা নির্বাহী অফিসারের মাধ্যমে বৃহস্পতিবার (২৭ জানুয়ারি) দুপুর সারে ১২ টায় তাঁর কার্যালয় পরিবারের পক্ষে নজরুল ইসলামের দুই বোন মঞ্জু আক্তার ও কামরুন নাহার এ স্মারক লিপি প্রদান করে। এ সময় সাবেক এমপি অধ্যক্ষ হুমায়ূন কবির, সাবেক উপজেলা চেয়ারম্যান শাহজাহান কবির, বর্তমান উপজেলা পরিষদ চেয়ারম্যান মাকসুদুর রহমান ফোরকান, ভাইস চেয়ারম্যান আমিরুল ইসলাম পিন্টু, যুদ্ধকালীণ কমান্ডার মুক্তিযোদ্ধা আব্দুল মোতালেব সিকদার, বেতাগী প্রেসক্লাবের সভাপতি সাইদুল ইসলাম মন্টু, বিষখালী পত্রিকার সম্পাদক আব্দুস সালাম সিদ্দিকী ও নিখোঁজ নজরুলের চাচাতো ভাই মো: সেলিম সিকদার উপস্থিত ছিলেন।
গত ৭ জানুয়ারি (শুক্রবার)‘২০২২ খ্রি: রাজধানীর যাত্রাবাড়ীর শনির আখড়ার বাসা থেকে বের হয়ে আর বাসায় ফিরেননি। এ ঘটনায় আমাদের ভাইয়ের বউ নিখোঁজের স্ত্রী রুবিনা নজরুল উত্তরখান থানায় একটি জিডি করেছেন (জিডি নং-৪৬৮, তারিখ: ০৯-০১-২০২২)। বৃহস্পতিবার (২৭ জানুয়ারি) এ রিপোট লেখা পর্যন্ত তার কোনো সন্ধান মিলেনি।
বেতাগী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. সুহৃদ সালেহীন জানান, নিখোঁজ ব্যাংকার নজরুল ইসলামের সন্ধান ও নিরাপত্তা চেয়ে তাঁর মাধ্যমে স্বরাষ্ট্র মন্ত্রী মহোদয়ের কাছে ব্যাংকারের দুইবোন ও স্থানীয়রা কার্যালয় উপস্থিত হয়ে একটি স্মারক লিপি পৌছেদেয়। প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার জন্য এটি দ্রুত পাঠানোর ব্যবস্থা করা হবে।










