মোঃ শাকিল আহমেদ, বামনা ( বরগুনা) প্রতিনিধি
বরগুনার বামনা উপজেলায় সাপের কামড়ে মো. রুবেল হোসেন (২২) নামের এক যুবকের মৃত্যু হয়েছে। গতকাল শুক্রবার (৬ নভেম্বর) দুপুরে ডৌয়াতলা ইউনিয়নের দক্ষিণ গুদিঘাটা গ্রামে এ মর্মান্তিক ঘটনা ঘটে।
পরিবার সূত্রে জানা যায়, ঘটনার দিন দুপুর দুইটার দিকে নিজ ক্ষেতে ছাগলের জন্য ঘাস কাটতে যান রুবেল। এ সময় একটি বিষাক্ত সাপ তাকে কামড় দেয়। তার চিৎকার শুনে পরিবারের লোকজন দ্রুত ঘটনাস্থলে ছুটে আসেন এবং তাকে উদ্ধার করে বামনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।
হাসপাতালে পৌঁছানোর পর কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন। এই আকস্মিক মৃত্যুতে নিহত যুবকের পরিবার ও পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। স্থানীয়দের মতে, বর্ষা বা মাঠে কাজ করার সময় সাপের উপদ্রব বাড়ায় এ ধরনের দুর্ঘটনা ঘটে।