মোঃ মোছাদ্দেক হাওলাদার, বরিশাল ব্যুরো ॥
আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বরিশালের বাকেরগঞ্জে দুই গ্রুপের সংঘর্ষে এক যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন তার আরও দুই ভাই। উপজেলার ফরিদপুর ইউনিয়নের ইছাপুর গ্রামে মঙ্গলবার (১৯এপ্রিল) গভীর রাতে এ সংঘর্ষের ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানাগেছে, এলাকায় ক্ষমতার নেতৃত্ব নেয়াকে কেন্দ্র করে ইছাপুরায় মধ্যরাতে স্থানীয় মামুন ওরফে হাতকাটা মামুন ও রনি মোল্লার লোকজনের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এ সময় রনি মোল্লা এবং তার দুই ভাই সোহেল ও তৌকিরকে ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে জখম করে প্রতিপক্ষরা।
গুরুতর আহত অবস্থায় তাদের বরিশাল শের-ই-বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে নেয়া হলে রাত সাড়ে ৩টার দিকে চিকিৎসক রনিকে মৃত ঘোষণা করেন।
এদিকে রনির স্বজনদের দাবি, মাদক ব্যবসায় বাধা দেয়ায় অভিযুক্ত মামুন রনিকে কুপিয়ে হত্যা করেছে। বরিশাল শের-ই-বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালের চিকিৎসক বলেন, ‘রনির মাথাসহ শরীরের বিভিন্নস্থানে ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে। ময়নাতদন্তের পর আরও বিস্তারিত বলা সম্ভব হবে।’
বুধবার (২০ এপ্রিল) সকালে ঘটনা নিশ্চিত করে বাকেরগঞ্জ থানার ওসি আলাউদ্দিন মিলন বলেন, ‘ঘটনাস্থলে ও হাসপাতালে পুলিশ পাঠানো হয়েছে। এ ঘটনার সঙ্গে জড়িতদের গ্রেপ্তার করতে এরই মধ্যে কাজ শুরু হয়েছে। পাশাপাশি মামলার প্রস্তুতি চলছে।










