জনতার খবর ডেস্কঃ বাংলাদেশিদের জীবন থেকে গড়ে প্রায় সাত বছর কেড়ে নিচ্ছে তীব্র বায়ুদূষণ। বাতাসের বিষাক্ত কণাগুলো সহনীয় মাত্রায় থাকলেও এ দেশের মানুষ হয়তো ৬ দশমিক ৭ বছর বেশি বাঁচতে পারতো। বুধবার (১ সেপ্টেম্বর) প্রকাশিত একটি আন্তর্জাতিক গবেষণা প্রতিবেদন থেকে এসব তথ্য জানা গেছে।

বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর তথ্যমতে, বর্তমানে বাংলাদেশিদের প্রত্যাশিত গড় আয়ু ৭২ দশমিক ৬ বছর। শিকাগোভিত্তিক এনার্জি পলিসি ইনস্টিটিউট প্রকাশিত সবশেষ এয়ার কোয়ালিটি লাইফ ইনডেক্স (একিউএলআই) বলছে, বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) নির্দেশিকা পূরণ হলে এ দেশের মানুষের গড় আয়ু আরও প্রায় সাত বছর বেড়ে যেতো।

একিউএলআই’র পরিসংখ্যান থেকে জানা যায়, বায়ুদূষণের কারণে ১৯৯৮ সালে বাংলাদেশিদের গড় আয়ু ২ দশমিক ৮ বছর কমানো হয়েছিল। এরপর দেশে বায়ুদূষণ পরিস্থিতির আরও অবনতি হয়েছে। বর্তমানে বিশ্বের সবচেয়ে দূষিত বায়ুর দেশ বাংলাদেশ।

এ দেশের প্রতিটি মানুষ এমন এলাকায় বসবাস করেন, যেখানে বার্ষিক গড় বায়ুদূষণের মাত্রা ডব্লিউএইচও নির্দেশিকা এবং বাংলাদেশের জাতীয় মানদণ্ডের চেয়েও বেশি। দেশের ৬৪ জেলার বায়ুতেই দূষণকারী বিষাক্তকণার উপস্থিতি বিশ্ব স্বাস্থ্য সংস্থার নির্দেশিকায় উল্লেখিত মাত্রার চেয়ে অন্তত চারগুণ বেশি।

বিশেষজ্ঞদের মতে, বাতাসের বিষাক্ত কণা বা পিএম২.৫ (পার্টিকুলেট ম্যাটার) আসে মূলত গাড়ির ইঞ্জিন, বিদ্যুৎকেন্দ্রগুলোতে ব্যবহৃত জীবাশ্ম জ্বালানি থেকে। এগুলো নির্ধারিত মাত্রার চেয়ে বেশি শরীরে প্রবেশ করা মানবদেহের জন্য অত্যন্ত ক্ষতিকর।












