বরিশাল প্রতিনিধি:
বরিশাল সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুনিবুর রহমানের সরকারি বাসভবন ও পুলিশের ওপর হামলায় গ্রেফতার ১২ জনের জামিন মঞ্জুর করেছেন আদালত। এতে করে ইউএনও এবং পুলিশের দায়ের করা দুটি মামলায় গ্রেফতার হওয়া ২২ আসামীর সকলেই জামিন পেলেন। বৃহস্পতিবার (২ সেপ্টেম্বর) দুপুর সাড়ে ১২টার দিকে শুনানি শেষে অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. মাসুম বিল্লাহ তাদের জামিন আবেদন মঞ্জুর করেন।
অতিরিক্ত মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের কোতয়ালী থানার জেনারেল রেজিস্টার কর্মকর্তা (জিআরও) এসআই খোকন চন্দ্র দাস গণমাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছেন। গত ১৮ আগস্ট বরিশালে ইউএনও’র বাসভবনে হামলার ঘটনায় আনসার ও পুলিশের সাথে স্থানীয় আওয়ামী লীগ নেতাকর্মীদের সংঘর্ষে বেশ কয়েকজন গুলিবিদ্ধ হন। অর্ধশতাধিক আওয়ামীলীগ নেতাকর্মী আহত হন এ ঘটনায়।
ইউএনও-পুলিশের ওপর হামলার ঘটনায় দুটি মামলায় নামে ও বেনামে ছয় শতাধিক ব্যক্তিকে আসামী করা হয়েছিল। পুলিশ ২২ জনকে বিভিন্ন স্থান থেকে আটক করেছিল। গেলো ২৫ আগস্ট আদালত ১০ জনের জামিন দিয়েছিলেন। অপর ১২ আসামীর জন্য ২৯ তারিখ জামিনের আবেদন করলে বিচারক তা বৃহস্পতিবারের (২ সেপ্টেবর) জন্য ধার্য করেন।
সে মোতাবেক আজ ১২ আসামীর জামিনের আবেদন করলে আদালত তাদের জামিন মঞ্জুর করেন। এই জামিনে সময়সীমা পুলিশের প্রতিবেদন দাখিল পর্যন্ত থাকবে।










