জামালপুর প্রতিনিধিঃ উজানের পাহাড়ী ঢলে জামালপুরে যমুনা-ব্রহ্মপুত্রসহ সব নদ-নদীর পানি বৃদ্ধি অব্যহত রয়েছে। জেলার ইসলামপুর, দেওয়ানগঞ্জ, মেলান্দহ, মাদারগঞ্জ, সরিষাবাড়ি, বকশীগঞ্জ এই ছয় উপজেলার ৩৬টি ইউনিয়ন এবং দেওয়ানগঞ্জ, সরিষাবাড়ি ও মাদারগঞ্জ পৌরসভার অন্তত ৮০ হাজার মানুষ পানিবন্দী অবস্থায় রয়েছেন।
৩ সেপ্টেম্বর শুক্রবার পানি উন্নয়ন বোর্ডের তথ্য মতে, গেলো ২৪ ঘণ্টায় যমুনার পানি বাহাদুরাবাদ ঘাট পয়েন্টে চার সেন্টিমিটার বৃদ্ধি পেয়ে বিপদসীমার ৬৩ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে।
পানিবন্দী মানুষ জেলার বিভিন্ন উঁচুস্থানে আশ্রয় নিয়েছেন। বন্যা দুর্গত এলাকায় রাস্তা তলিয়ে যাওয়ায় যোগাযোগের একমাত্র মাধ্যম হয়ে উঠেছে নৌকা। পানি বৃদ্ধি অব্যহত থাকায় প্রতিদিন বিচ্ছিন্ন হচ্ছে বিভিন্ন এলাকা। দুর্গত এলাকায় শুকনো খাবার, শিশু খাদ্য ও গবাদি পশুর খাদ্যের সংকট তৈরি হয়েছে। বন্যায় জেলায় প্রায় ১০ হাজার হেক্টর জমির ফসল পানিতে নিমজ্জিত হয়েছে।
বানভাসীদের জন্য ১৫৫টি আশ্রয় কেন্দ্র প্রস্তুত রেখেছে জেলা প্রশাসন। ইসলামপুরে একটি ও দেওয়ানগঞ্জের তিনটি আশ্রয় কেন্দ্রে ছয় শতাধিক ভানবাসী মানুষ আশ্রয় নিয়েছেন। জেলা স্বাস্থ্য বিভাগ ৮০টি মেডিক্যাল টিম গঠন করেছে।










