অনলাইন ডেস্কঃ ফেসবুকে ফেক আইডি খুলে আপত্তিকর ছবি আপলোড করায় ডিজিটাল নিরাপত্তা আইনে দায়ের করা মামলায় তিন যুবকের প্রত্যেককে ছয় বছর করে কারাদণ্ড ও আট লাখ টাকা করে জরিমানা করেছে আদালত। ২৯ মে রোববার দুপুরে রাজশাহী সাইবার ট্রাইব্যুনালের বিচারক মোহাম্মদ জিয়াউর রহমান এই রায় দেন। দন্ডিতরা হলেন শিহাবুর রহমান শিহাব, শুভাশিষ রায় কনক ও আরিফুল ইসলাম আলিফ।
মামলার এজাহারে বলা হয়েছে, বগুড়া সদর উপজেলার মাটিডালি ফকিরপাড়া গ্রামের রওশন আলীর একাদশ শ্রেণির শিক্ষার্থীর নাম ও ছবি ব্যবহার করে দন্ডিতরা ২০১৯ সালের ৪ অক্টোবর ফেসবুকে ফেক আইডি খুলে। এরপর কলেজ ছাত্রীর ব্যক্তিগত ছবি এডিট করে অশ্লিল ছবি ফেসবুকে আপলোড করে।
এ ঘটনায় ঐ ছাত্রীর পিতা বাদী হয়ে ২০১৯ সালের ১৪ অক্টোবর বগুড়া সদর থানায় ডিজিটাল নিরাপত্তা আইনের ২৩ ও ২৫ ধারায় মামলা দায়ের করেন। পরে মামলাটি রাজশাহী সাইবার ট্রাইব্যুনালে স্থানান্তরিত হয়। রাষ্ট্রপক্ষের আইনজীবী ইসমত আরা জানান, ডিজিটাল নিরাপত্তা আইন ২০১৮ এর ২৩ ও ২৫ ধারায় দন্ডিতদের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হয়েছে।












