বরিশাল প্রতিনিধিঃ রাজশাহীর কাঁকনহাট পুলিশ তদন্ত কেন্দ্রের সহকারী উপ-পরিদর্শক (এএসআই) পাঞ্জাব আলীকে ৪০০ পিস ইয়াবাসহ আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। বুধবার (১৭ নভেম্বর) দুপুরে চারঘাট মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহাঙ্গীর আলম এই তথ্য নিশ্চিত করেছেন।
এর আগে তাকে ১৬ নভেম্বর মঙ্গলবার রাত সাড়ে ৯টার দিকে চারঘাটের ইউসুফপুর এলাকা থেকে আটক করা হয়। আটক পাঞ্জাব আলী এর আগে চারঘাট মডেল থানায় দীর্ঘদিন এএসআই হিসেবে কর্মরত ছিলেন।
ইউসুফপুর বিওপির কোম্পানি কমান্ডার জয়নাল হোসেন সাংবাদিকদের জানান, গোপন সংবাদের ভিত্তিতে ইউসুফপুর পুরাতন বিওপির সামনে অভিযান চালিয়ে এএসআই পাঞ্জাব আলীকে আটক করা হয়েছে। এ সময় তার মোটরসাইকেলে থাকা ব্যাগ তল্লাশি করে ৪০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে চারঘাট মডেল থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।
চারঘাট মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহাঙ্গীর আলম সাংবাদিকদের বলেন, পাঞ্জাব আলীকে আটক করে মামলা দায়ের করেছে বিজিবি। বুধবার (১৭ নভেম্বর) দুপুরে আদালতের মাধ্যমে তাকে জেলহাজতে পাঠানো হয়েছে।










