ঝালকাঠি প্রতিনিধিঃ
নিরাপত্তা জোরদার করতে ঝালকাঠি সদর হাসপাতালে ৩২টি ক্লোজ সার্কিক (সিসি) ক্যামেরা বসানো হয়েছে। জরুরী বিভাগ, আউটডোর, হাসপাতালের প্রবেশ ফটক, কুক হাউজ ও স্টোরে এসব সিসি ক্যামেরা বসানো হয়েছে বলে জানিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ। এতে কিছুটা হলেও স্বস্তি ফিরেছে রোগী ও তাদের স্বজনদের মাঝে।
গণপূর্ত বিভাগ জানায়, প্রায় ৭ লাখ টাকা ব্যায়ে গণপূর্ত বিভাগ হাই রেজুলেশনের এই ক্যামেরাগুলো স্থাপন করে সদর হাসপাতালে। বিদ্যুৎ চলে গেলেও আলো ছড়াবে ক্যামেরার ভেতর থেকে। অন্ধকারেও ক্যামেরায় ধরা পড়বে সবকিছুই। হাসপাতালের ভারপ্রাপ্ত তত্ত্বাবধায়ক ডা. আবুয়াল হাসান জানান, সম্প্রতি দালালদের উৎপাত, রোগীদের মোবাইল ও স্বর্ণের গহনা চুরি, ছিনতাই, মাদসেবীদের আনাগোনা, কর্মচারীদের অনিয়মসহ বেশ কয়েকটি ঘটনার পর ঝালকাঠি সদর হাসপাতালের নিরাপত্তা জোরদার করতে ক্লোজ সার্কিট ক্যামেরা স্থাপন করা হয়। ৩২টি গুরুত্বপূর্ণ পয়েন্টে সিসি ক্যামেরা বসানো হয়েছে। এতে অনিয়ম ও অপরাধ কমে আসবে। রোগীরাও নিরাপদে চিকিৎসা নিতে পারবেন। এছাড়াও শতর্ক থাকবেন কর্তব্যরত চিকিৎসকরাও। সিসি টিভি সরাসরি মনিটরিং করেবেন হাসপাতালের তত্ত্বাবধায়ক। কোন অনিয়ম চোখে পড়লেই তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া সম্ভব হবে বলেও জানান তিনি।
সদর হাসপাতালে চিকিৎসা নিতে আসা মিজানুর রহমান বলেন, হাসপাতালে প্রায়ই চুরির ঘটনা ঘটে। অনেক সময় আমরা সামনে মোটরসাইকেল রেখে আউটডোরে চিকিৎসকের কাছে যাই। এসুযোগে মোটরসাইকেল চুরি হয়ে যায়। সিসি ক্যামেরা থাকায় এখন থেকে চুরি ছিনতাই কমে যাবে। যারা অপরাধ করবে তাদের সহযেই চিহ্নিত করা যাবে।
হাসপাতালে ভর্তি মিনারা বেগম বলেন, তিন মাস আগে আমি জ্বরে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলাম, তখন আমাকে দেখতে আসা বোনের মেয়ের মোবাইল চুরি হয় হাসপাতাল থেকে। এখন বুকে ব্যাথা নিয়ে হাসপাতালে ভর্তি আছি। শুনেছি সিসি ক্যামেরা লাগানো হয়েছে, তাই নিরাপদ মনে করছি।
ঝালকাঠির সিভিল সার্জন ডা. শিহাব উদ্দিন বলেন, ৩২টি সিসি ক্যামেরা দিয়ে পুরো হাসপাতালকে নিরাপত্তায় ঘিরে রাখা হয়েছে। আনাচে কানাচের সকল ফুটেজ সংরক্ষণে থাকবে। বিদ্যুৎ চলে গেলেও ক্যামেরায় রেকর্ড হবে। অত্যাধুনিক এ ক্যামেরা বসানো হয়েছে। আশাকরি চুরি, ছিনতাই, কোন অনিয়ম সবকিছুই এখান থেকে পর্যবেক্ষণ করা যাবে। এতে যেতন রোগীদের উপকার হবে, তেমনি হাসপাতালের চিকিৎসক, কর্মকর্তা-কর্মচারীরাও সঠিকভাবে দায়িত্ব পালন করবেন।










