বরিশাল ব্যুরো ॥ নিত্য প্রয়োজনীয় দ্রব্যের মূল্য বৃদ্ধি পাওয়ায় নাভিশ্বাস ওঠেছে বরিশালের খেটে খাওয়া সাধারণ মানুষ থেকে শুরু করে সর্বস্তরের মানুষের। বাজার করতে গিয়ে চোখে মুখে হতাশার ছাপ নিয়ে ফিরতে দেখা যাচ্ছে সবাইকে। বৃহস্পতিবার (১৯ মে) সকাল থেকে বরিশালের বিভিন্ন এলাকার বাজার ঘুরে দেখা গেছে এসব চিত্র।
সাধারণ মানুষ চাহিদা অনুযায়ী নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের তালিকা নিয়ে বাজারে যাচ্ছে। অথচ নির্ধারিত টাকায় চাহিদা অনুযায়ী নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের তালিকার ষাট শতাংশ জিনিসপত্র নিয়ে বাড়ি ফিরছে। জিনিসপত্রের মূল্য অস্বাভাবিক হারে বৃদ্ধি পাওয়ায় চাহিদার প্রয়োজন অনুযায়ী পণ্য কিনতে পারছে না অনেকেই। তাই অনেকটা বাধ্য হয়েই প্রয়োজনের ষাট শতাংশ জিনিসপত্র নিয়ে ফিরতে হচ্ছে সবাইকে।
সরেজমিনে দেখাগেছে, সরিষার তেল পূর্বের মূল্য ছিল ২৫০ টাকা বর্তমানে বৃদ্ধি পেয়ে এখন ৩৬০ টাকায় বিক্রি হচ্ছে। ৩০ থেকে ৩৫ টাকার আটা এখন ৫০ টাকা, ৪৫ টাকার ময়দা এখন ৬৫ টাকা, ১০০ টাকার বড় রসুন এখন ১৫০ টাকা, ৩৫/৪০ টাকার দেশি রসুন এখন ৮০/৯০ টাকা, ৫৫ টাকার চিনি ৮০ টাকা, ৬০/৭০ টাকার মুসুর ডাল এখন ১১০টাকা, ৩৪০/৩৫০ টাকার আধা কেজির গুঁড়া দুধ এখন ৩৮০/৩৯০ টাকা, ৪৫/৫০ টাকার টুথপেস্ট ৮০/৮৫ টাকা, ১০০ টাকার রুহ-আফজা এখন ১৮০ টাকা, সকল ধরনের সাবান ১০ থেকে ১৫ টাকা, ডিটারজেন্ট ২০ থেকে ২৬ টাকা বৃদ্ধি পেয়ে বিক্রি হচ্ছে। এছাড়াও সকল ধরনের চাল প্রকার ভেদে মূল্য বৃদ্ধি পেয়েছে বস্তা প্রতি ২০০ থেকে ৩০০ টাকা। পাশাপাশি সকল ধরনের মসলার দাম বেড়েছে বহুগুণ।
বিক্রেতাদের অভিমত, আন্তর্জাতিক বাজারে সব কিছুর মূল্য বৃদ্ধি পাওয়ায় এর প্রভাব পরছে স্থানীয় সকল বাজারে। সকল জিনিসপত্রের মূল্য বৃদ্ধি পাওয়ায় এর প্রভাব পরছে সকল ক্ষেত্রে। খাবার হোটেলগুলোতে সব খাবারের মূল্য বৃদ্ধি পেয়েছে দ্বিগুণ।
একই অবস্থা দেখা যায় নগরীর কাঁচা বাজারগুলোতে। টমেটোর দাম কেজিপ্রতি ৩০ টাকা বেড়ে এখন হয়েছে ৮০ টাকা। এছাড়া কাঁচা মরিচ ৪০ টাকা দাম বেড়ে হয়েছে ৮০ টাকা কেজি। বাজারে সজনে ৮০ টাকা, কচুমূখী ৮০ টাকা, করলা ৬০ টাকা, পেঁপে ৬০ টাকা, পটল ৫০ টাকা, মুলা ৫০ টাকা, বরবটি ৫০ টাকা, ঢেঁড়স ৪০ টাকা, ঝিঙ্গা ৪০ টাকা, চিচিঙ্গা ৪০ টাকা, বগুড়ার লাল আলু ৩০ টাকা, শসা ৩০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। মিষ্টি কুমড়া কেজি প্রতি ৬০ টাকা, লাউ ৫০ টাকা, ফুলকপি ৫০ টাকা, বাধাকপি ৪০ টাকা এবং চাল কুমড়া ৪০ টাকা পিস হিসেবে এবং কাঁচা কলা ৪০ টাকা ও লেবু ২০ টাকা হালিতে বিক্রি হচ্ছে। যা পূর্বের তুলনায় অনেকটা বেশি দামে বিক্রি হচ্ছে বলে জানান ক্রেতারা।
নগরীর সিটি মার্কেট মায়ের দোয়া আড়তের মালিক অভি বলেন, ‘মূল্য আমরা বাড়াই না, আগের চেয়ে সব কিছুর খচর বেড়েছে, তাই মালের দাম এমনিতেই বেশি পরে যায়। তাছাড়া পরিবহন খরচ আগের চেয়ে অনেক বেড়েছে। ফলে এর প্রভাব পড়ছে সকল পণ্যের ওপর।’
এদিকে নিত্যপণ্যর দাম বৃদ্ধির ফলে নগরীর খাবার হোটেল গুলোতে সকল খাবারের দাম দ্বিগুণ হয়েছে। পরোটা, পুড়ি, সিঙ্গারা, সামুচা, রুটি পূর্বে পাঁচ টাকা করে বিক্রি হলেও বর্তমানে তা দশ টাকা করে বিক্রি হচ্ছে। হোটেলে খেতে এসেও মূল্য বৃদ্ধির কারণে অনেকেই দ্বিধা দ্বন্দ্বে পড়তে দেখা গেছে।
মূল্য বৃদ্ধির বিষয়ে আলাপ করলে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের বরিশাল জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. শাহ্ শোয়াইব মিয়া বলেন, ‘কেউ অযথা মূল্য বৃদ্ধি করলে তার বিরুদ্ধে জরিমানা করাসহ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। তাছাড়া নিত্য প্রয়োজনীয় পণ্যের বিষয়ে বাজার তদারকিমূলক অভিযান নিয়মিত অব্যহত রয়েছে।’










