ঝালকাঠি প্রতিবেদক
নানা আয়োজনের মধ্য দিয়ে ঝালকাঠিতে জাতীয় মৎস্য পক্ষ-২০২৬ উদযাপন করা হয়েছে। মাছের পোনা অবমুক্ত, বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভাসহ বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে পালিত হয় এবারের মৎস্য পক্ষ।
রোববার সকালে পুলিশ সুপার কার্যালয়ের সামনের পুকুরে মাছের পোনা অবমুক্ত করে মৎস্য পক্ষের উদ্বোধন করেন ঝালকাঠি-২ আসনের সংসদ সদস্য ইসরাত সুলতানা ইলেন ভূট্টো। পরে জেলা প্রশাসক কার্যালয়ের সামনে থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালিটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে একই স্থানে এসে শেষ হয়। এরপর জেলা প্রশাসক কার্যালয়ের সভাকক্ষে অনুষ্ঠিত হয় জাতীয় মৎস্য পক্ষের আলোচনা সভা। জেলা প্রশাসক মোহাম্মদ মোমিন উদ্দিনের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন সংসদ সদস্য ইসরাত সুলতানা ইলেন ভূট্টো।
সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন জেলা পরিষদ প্রশাসক অ্যাডভোকেট শাহাদাত হোসেন, ভারপ্রাপ্ত পুলিশ সুপার মামুন আল ইসলাম, সিভিল সার্জন ডা. মোহাম্মদ হুমায়ূন কবির, উপজেলা নির্বাহী অফিসার শেগুফতা মেহনাজ ও জেলা মৎস্য কর্মকর্তা মো. এনামুল হক। আলোচনা সভায় অন্যান্যর মধ্যে বক্তব্য দেন, জেলা মুক্তিযোদ্ধা সংসদ কমান্ডের সভাপতি মোস্তফা কামাল মন্টু, টেলিভিশন জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সভাপতি আল-আমিন তালুকদার ও জেলা ক্ষুদ্র মৎস্যজীবী জেলে সমিতির সভাপতি জহিরুল ইসলাম বাদলসহ অনেকে।
বক্তারা দেশের অর্থনীতি ও পুষ্টি চাহিদা পূরণে মৎস্য খাতের গুরুত্ব তুলে ধরেন। একই সঙ্গে মাছের উৎপাদন বাড়াতে আধুনিক ও টেকসই মৎস্য চাষে গুরুত্ব দেওয়ার আহ্বান জানান।
আলোচনা সভা শেষে জেলার চার উপজেলা থেকে নির্বাচিত চারজন সফল মৎস্য চাষিকে সম্মাননা স্মারক প্রদান করা হয়।











