ঝালকাঠি প্রতিনিধিঃ
ঝালকাঠির নলছিটিতে সড়ক দ্রুত সংস্কারের দাবিতে মানববন্ধন করেছেন এলাকাবাসী। নলছিটি-দপদপিয়া সড়কের কুমারখালি দাই বাড়ি ব্রিজ থেকে ১৫৩ নং গোহালকাঠী আদর্শ সরকারি প্রাথমিক বিদ্যালয় (ভোটকেন্দ্র) পর্যন্ত সড়ক দ্রুত সংস্কারের দাবিতে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
রবিবার সকাল ১০ টায় ঘন্টাব্যাপী এ মানববন্ধনে স্থানীয় ভুক্তভোগী এলাকাবাসীর বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন। এ সময় বক্তারা বলেন, সড়কটির বেহাল অবস্থার কারণে প্রতিদিন চলাচলে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে সাধারণ মানুষকে। বিশেষ করে শিক্ষার্থী, শিক্ষক, রোগী ও স্থানীয় বাসিন্দাদের যাতায়াতে ভোগান্তি হচ্ছে। সড়কটি দ্রুত সংস্কার করা না হলে জনদুর্ভোগ আরও বাড়বে বলে আশঙ্কা প্রকাশ করেন তারা।
বক্তব্য কালে মোঃ রুহুল আমিন, তূর্য বালিও মাওলানা রমিজ হোসেন সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করে গোহালকাঠী আদর্শ সরকারি প্রাথমিক বিদ্যালয় পর্যন্ত সড়কটি দ্রুত সংস্কারের দাবি জানান।
ভুক্তভোগী এলাকাবাসীর উদ্যোগে আয়োজিত এ মানববন্ধন থেকে জনস্বার্থে দ্রুত সড়ক সংস্কারের কার্যকর পদক্ষেপ গ্রহণের আহ্বান জানানো হয়।