ঝালকাঠি প্রতিনিধিঃ
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ঝালকাঠি-২ (সদর-নলছিটি) আসনে আওয়ামী লীগ মনোনীত হেভিওয়েট প্রার্থী আমির হোসেন আমুর (এমপি) অর্থ ও সম্পদ কয়েকগুন বেড়েছে। একাদশ জাতীয় সংসদ নির্বাচনের হলফনামায় তাঁর নগদ টাকার পরিমান ছিল পাঁচ লাখ টাকা। সেখান থেকে পাঁচ বছরে তাঁর নগদ টাকা বেড়ে হয়েছে দুই কোটি। ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানে তাঁর জমা রয়েছে ৮ কোটি টাকা। যা গত পাঁচ বছর আগে ছিল দুই কোটি ৮৭ লাখ ৪৫ হাজার ৬৩ টাকা।
রিটার্নিং অফিসারের কার্যালয়ে মনোনয়পত্রের সঙ্গে জমা দেওয়া তাঁর হলফনামা পর্যালোচনা করে এ তথ্য জানা গেছে।
দ্বাদশ সংসদ নির্বাচনের হলফনামা সূত্রে জানা যায়, আমির হোসেন আমুর কৃষি জমি, বাড়ি, দোকান, চাকরি ও অন্যান্য উৎস্য থেকে বার্ষিক আয় ৬০ লাখ ৩০ হাজার ৬০ টাকা। ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানে তাঁর নামে জমা করা টাকার পরিমান ৮ কোটি। এছাড়াও বিভিন্ন ধরনের সঞ্চয়পত্র, শেয়ার ও স্থায়ী আমানত ২৩ লাখ ৭০ হাজার ২৩৫ টাকা। তাঁর বাস, ট্রাক, মটরগাড়ি ও মটরসাইকেলের মূল্য ৭৫ লাখ টাকা। এ ছাড়াও আসবাবাপত্রসহ অন্যান্যখাতে আরো ১৩ কোটি ৪৯ লাখ তিন হাজার ৮৩৮ টাকার সম্পদ আছে বলে হলফ নামায় উল্লেখ করা হয়। তাঁর আবাসিক ভবন রয়েছে পাঁচটি। এর মধ্যে তিনটির মূল্য ছয় কোটি ৪৪ লাখ টাকা। বাকি দুটির মূল্য অজানা লেখা হয়েছে।
অপর দিকে ২০১৮ সালে নির্বাচনের হলফনামার তথ্য অনুযায়ী তাঁর কৃষিখাতে তিন লাখ ৩৫ হাজার টাকা, বাড়ি, এপার্টমেন্ট ও দোকান ভাড়া এক লাখ ৮ হাজার, নগদ টাকা পাঁচ লাখ, ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানে জমা দুই কোটি ৮৭ লাখ ৪৫ হাজার ৬৩ টাকা, বাস, ট্রাক, মটরগাড়ি ও মোটরসাইকেল পাঁচ লাখ, স্বর্ণ এক লাখ, ইলেকট্রনিক সামগ্রী দুই লাখ ৫০ হাজার। ওই সময়ে তাঁর আবাসিক ভবন ছিল দুটি, যার মূল্য ৯৪ লাখ টাকা। আমির হোসেন আমুর বিরুদ্ধে মামলা ছিল ১২টি। সবগুলো মামলা থেকে তিনি অব্যাহতি পেয়েছেন।










