রেলওয়ের ভ্রাম্যমাণ টিকিট পরীক্ষক (টিটিই) শফিকুল ইসলামকে সাময়িক বরখাস্তের ঘটনায় পাকশী বিভাগীয় বাণিজ্যিক কর্মকর্তা (ডিসিও) নাসির উদ্দিনকে কারণ দর্শানোর রবিবার (৮ মে) বিকালে রেলপথ মন্ত্রণালয়ের নির্দেশে পাকশী বিভাগীয় রেলওয়ের ব্যবস্থাপক (ডিআরএম) মো. শাহীদুর রহমান এ আদেশ দেন। বিষয়টি ডিআরএম নিজেই নিশ্চিত করেছেন।
এদিকে আজ সকালেই বাংলাদেশ রেলওয়ের ভ্রাম্যমাণ টিকিট পরিদর্শক (টিটিই) শফিকুল ইসলামের বহিষ্কারাদেশ প্রত্যাহার করা হয়েছে বলে জানিয়েছেন রেলমন্ত্রী নূরুল ইসলাম সুজন। শুধু টিটিইর বহিষ্কারাদেশ প্রত্যাহারই নয়, ওই ঘটনায় পাবনার বিভাগীয় বাণিজ্যিক কর্মকর্তাকে (ডিসিও) শোকজ করা হবে বলেও জানান তিনি।
এর আগে গত বৃহস্পতিবার রাতে আন্তঃনগর ‘সুন্দরবন এক্সপ্রেস’ ট্রেনে ঈশ্বরদী থেকে ঢাকাগামী তিনজন যাত্রী বিনা টিকেটে এসি কেবিনে ভ্রমণ করছিলেন। এসময় তারা নিজেদের রেলমন্ত্রীর আত্মীয় বলে পরিচয় দেয়। পরে ওই তিন যাত্রীকে জরিমানা করেন কর্তব্যরত টিটিই শফিকুল ইসলাম। এ ঘটনায় পরদিন তাকে সাময়িক বরখাস্ত করা হলে বিষয়টি নিয়ে সোশাল মিডিয়ায় ব্যাপক আলোচনা-সমালোচনা শুরু হয়।
এর আগে শনিবার (৭ মে) এক লিখিত বক্তব্যে ডিসিও নাসির উদ্দিন দাবি করেন, টিটিই শফিকুল ইসলাম ‘মানসিক বিকারগ্রস্ত’। টিটিই শফিকুল ইসলাম বিনা টিকিটের যাত্রীদের লাথি দিয়ে ট্রেন থেকে ফেলে দেওয়ার হুমকি দিয়েছিলেন। তিনি তাদের বাছ থেকে জনপ্রতি ৫০০ টাকা করেও দাবি করেছিলেন।
এ কারণে টিটিই শফিকুল ইসলামকে ব্যাখ্যা দিতে তলব করেন তিনি। আজ রবিবার টিটিই শফিকুল ইসলামকে ব্যাখ্যা দিতে তলব করা হয়েছিলো। প্রসঙ্গত, গত বৃহস্পতিবার রেলমন্ত্রীর আত্মীয় পরিচয়ে বিনা টিকিটে ভ্রমণ করার অভিযোগে তিন যাত্রীর কাছ থেকে নিয়মানুযায়ী জরিমানাসহ ভাড়া আদায় করেন রেলওয়ের ভ্রাম্যমাণ টিকিট পরীক্ষক (টিটিই) শফিকুল ইসলাম।
ঘটনার কয়েক ঘন্টা পরই ঈশ্বরদীর পাকশী বিভাগীয় রেলওয়ে বাণিজ্যিক কর্মকর্তা (ডিসিও) নাসির উদ্দিনের নির্দেশে টিটিই শফিকুলকে বরখাস্ত করা হয়। শুক্রবার সেই আদেশ কার্যকর হয়। বিনা টিকিটে ভ্রমণের দায়ে যাত্রীকে জরিমানা করে কোনো টিটিইর বরখাস্ত হওয়ার ঘটনা বাংলাদেশ রেলওয়ের ইতিহাসে নজিরবিহীন বলে ভাষ্য রেলওয়ে সংশ্লিষ্টদের।
সূত্রঃ বাংলা ভিশন।












