ঝালকাঠি প্রতিনিধিঃ
ঝালকাঠি সরকারি কলেজের বর্তমান ও সাবেক শিক্ষার্থীদের মধ্যে সম্প্রীতি ও বন্ধন আরও সুদৃঢ় করতে আয়োজন করা হয়েছে মতবিনিময় সভা। কলেজের সাবেক ও বর্তমান শিক্ষার্থীদের নিয়ে ‘প্রজন্মের বন্ধন’ শীর্ষক অনুষ্ঠান বাস্তবায়নের লক্ষ্যে এ সভার আয়োজন করা হয়।
বৃহস্পতিবার সকালে ঝালকাঠি সরকারি কলেজে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন কলেজের অধ্যক্ষ অধ্যাপক মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন।
সভায় কলেজের বর্তমান ও সাবেক শিক্ষার্থীদের মধ্যে পারস্পরিক যোগাযোগ বৃদ্ধি, স্মৃতিচারণ এবং প্রজন্মের মধ্যে সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক গড়ে তোলার বিষয়ে আলোচনা হয়। পাশাপাশি ‘জেনারেশন কানেক্ট-নবীন-প্রবীণের মিলনমেলা’ শীর্ষক আয়োজন সফল করতে বিভিন্ন পরিকল্পনা ও কর্মসূচি নিয়ে মতামত তুলে ধরেন অংশগ্রহণকারীরা।
আয়োজকদের প্রত্যাশা, এ উদ্যোগের মাধ্যমে ঝালকাঠি সরকারি কলেজের সাবেক ও বর্তমান শিক্ষার্থীদের মধ্যে গড়ে উঠবে নতুন এক সেতুবন্ধন।