ঝালকাঠি প্রতিনিধিঃ
ঝালকাঠি পৌরসভার এক অনন্য ও মানবিক উদ্যোগে পৌরসভার নিজস্ব অর্থায়নে ৮৭ জন পরিচ্ছন্নতা কর্মীর জন্য “সমতা” পেনশন স্কিম চালুর শুভ উদ্বোধন করা হয়েছে।
আজ রোববার (১২ জুলাই) সকাল ১০:০০ টায় ঝালকাঠির কনফারেন্স রুমে এক অনুষ্ঠানের মাধ্যমে এই জনকল্যাণমুখী স্কিমের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। ঝালকাঠি পৌরসভা এই বিশেষ উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করে।
উক্ত পেনশন স্কিম চালু অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঝালকাঠির জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মোঃ মমিন উদ্দিন।
অনুষ্ঠানটিতে সভাপতিত্ব করেন ঝালকাঠি পৌরসভার প্রশাসক ও অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ কাওছার হোসেন।
পৌরসভার এই উদ্যোগের ফলে পরিচ্ছন্নতা কর্মীদের ভবিষ্যৎ সামাজিক ও অর্থনৈতিক নিরাপত্তা নিশ্চিত হবে বলে আশাবাদ ব্যক্ত করেন অতিথিবৃন্দ। অনুষ্ঠানে ঝালকাঠি পৌরসভা ও জেলা প্রশাসনের বিভিন্ন স্তরের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।