ঝালকাঠি প্রতিনিধিঃ
ঝালকাঠির নলছিটি উপজেলার ঐতিহ্যবাহী শীতলপাটিকে ভৌগোলিক নির্দেশক বা জিআই পণ্য হিসেবে স্বীকৃতি দেওয়ার সম্ভাবনা, বিপণন ও করণীয় নিয়ে কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার সকালে নলছিটি উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা প্রশাসনের আয়োজনে এ কর্মশালা অনুষ্ঠিত হয়। নলছিটি উপজেলা নির্বাহী কর্মকর্তা প্রতীক কুমার কুন্ডুর সভাপতিত্বে কর্মশালায় বক্তব্য দেন, ঝালকাঠি যুব উন্নয়ন অধিদপ্তরের উপপরিচালক মোহাম্মদ আলাউদ্দিন, উপজেলা বিএনপির সভাপতি আনিচুর রহমান খান হেলাল, ব্রাকের ডিসট্রিক্ট কো-অডিনেটর ফারহানা তাবাসসুমসহ আরো অনেকে। কর্মশালায় সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, এনজিও প্রতিনিধি ও গণমাধ্যম কর্মীসহ বিভিন্ন শ্রেণি-পেশার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
কর্মশালায় বক্তারা বলেন, নলছিটির শীতলপাটি এ অঞ্চলের ঐতিহ্য ও সংস্কৃতির গুরুত্বপূর্ণ অংশ। এ শিল্পকে টিকিয়ে রাখতে হলে কারিগরদের যথাযথ মূল্যায়ন, আধুনিক প্রশিক্ষণ এবং উৎপাদিত পণ্যের বাজার সম্প্রসারণ করতে হবে। পাশাপাশি শীতলপাটিকে জিআই পণ্য হিসেবে স্বীকৃতি আদায়ে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়ার ওপর গুরুত্বারোপ করেন তারা।
কর্মশালায় শীতলপাটি শিল্পের সঙ্গে জড়িত কারিগররা পাটি তৈরির বিভিন্ন ধাপ ও পদ্ধতি হাতে-কলমে প্রদর্শন করেন। এতে অংশগ্রহণকারীরা ঐতিহ্যবাহী এ শিল্পের উৎপাদন প্রক্রিয়া সম্পর্কে ধারণা পান।
আয়োজকরা জানান, কর্মশালার মূল উদ্দেশ্য নলছিটির ঐতিহ্যবাহী শীতলপাটির সম্ভাবনা তুলে ধরা, জিআই পণ্য হিসেবে স্বীকৃতি অর্জনের উদ্যোগ এবং এর উৎপাদন ও বিপণন সম্প্রসারণে করণীয় নির্ধারণ করা।
স্থানীয় ঐতিহ্য সংরক্ষণের পাশাপাশি এ শিল্পের সঙ্গে জড়িত কারিগরদের অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করতে এ উদ্যোগ ভূমিকা রাখবে বলে আশা করছেন আয়োজকরা।