ঝালকাঠি প্রতিনিধিঃ
‘অভয়াশ্রম গড়ে তুলি, দেশি মাছে দেশ ভরি’ স্লোগানকে সামনে রেখে ঝালকাঠিতে নানা আয়োজনের মধ্য দিয়ে জাতীয় মৎস্য সপ্তাহের উদ্বোধন করা হয়েছে।
সোমবার সকালে জেলা প্রশাসক কার্যালয় চত্বর থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে স্থানীয় শিল্পকলা একাডেমি প্রাঙ্গণে গিয়ে শেষ হয়। পরে সেখানে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক আশাফুর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুলিশ সুপার উজ্জ্বল কুমার রায় ও সিভিল সার্জন ডা. হুমায়ুন কবির। মৎস্য কর্মকর্তা রবিউল ইসলামের সভাপতিত্বে সভায় বক্তব্য দেন, অতিরিক্ত জেলা প্রশাসক কাওছার হোসেন ও প্রেসক্লাব সভাপতি কাজী খলিলুর রহমানসহ আরও অনেকে।
বক্তারা বলেন, মাছ আমাদের পুষ্টি, অর্থনীতি ও জীবিকার অন্যতম প্রধান উৎস। পরিবেশবান্ধব চাষাবাদ, অভয়াশ্রম সৃষ্টি ও স্থানীয় মাছের সংরক্ষণে সকলে একযোগে কাজ করলে জাতীয় উৎপাদন আরও বৃদ্ধি পাবে।
প্রধান অতিথি জেলা প্রশাসক আশাফুরর রহমান তাঁর বক্তব্যে বলেন, ঝালকাঠি মৎস্যসম্পদে সমৃদ্ধ একটি জেলা। আধুনিক প্রযুক্তি ও তরুণদের অংশগ্রহণ বাড়লে এ খাতের সম্ভাবনা আরও বিস্তৃত হবে।
আলোচনা শেষে কালেক্টর স্কুলের পুকুরে মাছের পোনা অবমুক্ত করা হয়। একই সঙ্গে মৎস্য চাষে অবদান রাখায় জেলার সফল মৎস্যচাষীদের সম্মাননা প্রদান করা হয়।
র্যালি ও আলোচনা সভায় জেলার বিভিন্ন এলাকার মৎস্যজীবী, উদ্যোক্তা ও সাধারণ মানুষ অংশ নেন। #










