ঝালকাঠি প্রতিনিধিঃ
ঝালকাঠির রাজাপুর উপজেলা ছাত্রদল আয়োজিত আনন্দ শোভাযাত্রা পুলিশী বাধায় পন্ড হয়ে গেছে।
আজ বৃহস্পতিবার সকালে উপজেলা বিএনপির প্রধান কার্যালয় থেকে কেন্দ্রীয় ছাত্রদলের নতুন কমিটির সভাপতি সম্পাদকসহ দলীয় নেতৃবৃন্দকে শুভেচ্ছা জানিয়ে আনন্দ শোভাযাত্রা বের করে উপজেলা ছাত্রদল। এসময় পুলিশ তাতে বাধা দিলে পুলিশের সাথে ধস্তাধস্তির ঘটনা ঘটে।
পরে পুলিশ ছাত্রদলের নেতাকর্মীদের ছত্রভঙ্গ করে শোভাযাত্রা পন্ড করে দেয়। শোভাযাত্রার আগে সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন উপজেলা ছাত্রদলের আহবায়ক আল ইমরান কিরন, সদস্য সচিব রফিকুল ইসলাম, যুগ্ম আহবায়ক জাহিদুল ইসলাম, জাহিদ হোসেন প্রমুখ।
এতে উপজেলা, ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের নেতাকর্মীরা অংশ নেন। উপজেলা ছাত্রদলের আহবায়ক আল ইমরান কিরন জানান, কেন্দ্রীয় ছাত্রদলের নতুন কমিটিকে শুভেচ্ছা জানিয়ে দলীয় কার্যালয় থেকে শান্তিপূর্ণ শোভাযাত্রা বের করলে পুলিশ তাতে বাধা দিয়ে ছাত্রভঙ্গ করে দেয়। পুলিশ জানায়, অনুমতি না দিয়ে মিছিল করতে চাইলে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে তা করতে দেওয়া হয়নি। তাদের সড়ক থেকে সরিয়ে দেয়া হয়েছে।










