ঝালকাঠির প্রতিনিধি:
ঝালকাঠির কাঠালিয়া ও নলছিটি উপজেলায় তিনটি পরীক্ষা কেন্দ্রে থেকে দায়িত্ব অবহেলার কারনে চারজন শিক্ষক ও অসদুপায় অবলম্বনের দায়ে এক শিক্ষার্থীকে বহিস্কার করা হয়েছে।
আজ ১০ এপ্রিল বৃহস্পতিবার বাংলা প্রথম পত্রের পরীক্ষায় কাঠালিয়া উপজেলার আমুয়া বন্দর মাধ্যমিক বিদ্যালয় পরীক্ষা কেন্দ্রের ১০ নম্বর কক্ষে পরিদর্শকের দায়িত্ব পালনে অবহেলা করার কারনে ভবতোষ রায়কে অব্যহতি দেয়া হয়েছে।
বরিশাল শিক্ষা বোর্ডের টিম লিডার অধ্যক্ষ মোঃ রুহুল আমিন বেপারী আমুয়া বন্দর আমির মোল্লা মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক ভবতোষ রায়ের বিরুদ্ধে এ শাস্তি মূলক ব্যবস্থা নেন। শিক্ষক ভবতোষ রায় এসএসসি পরীক্ষা ২০২৫ চলাকালীন সময় পরীক্ষা হলে কোন প্রকার দায়িত্ব পালন করতে পারবে না।
বিষয়টি নিশ্চিত করেছেন আমুয়া বন্দর আমির মোল্লা মাধ্যমিক বিদ্যালয় পরীক্ষা কেন্দ্রের সচিব মো: শামীম মোল্লা।
অপরদিকে নলছিটি উপজেলায় এক শিক্ষার্থীকে বহিষ্কার ও তিন শিক্ষককে পরীক্ষা কার্যক্রম থেকে অব্যাহতি দেয়া হয়েছে।
নলছিটি বালিকা মাধ্যমিক বিদ্যালয় পরীক্ষা কেন্দ্রে দায়িত্ব পালন না করায় তিন জন শিক্ষককে অব্যাহতি দেন কেন্দ্র সচিব জলিলুর রহমান আকন ও হদুয়া বৈশাখীয়া ফাজিল মাদরাসা কেন্দ্রে পরীক্ষায় অসদুপায় অবলম্বন করায় একজন শিক্ষার্থীকে বহিষ্কার করেন কেন্দ্র সচিব মো.আব্দুর রব।
বহিষ্কার হওয়া মো.ইয়াসিন হদুয়া মাদরাসার শিক্ষার্থী ও অব্যাহতি পাওয়া তিন শিক্ষক হলেন নলছিটি বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক আফসানা শারমিন, নলছিটি ইসলামিয়া ফাজিল মাদরাসার শিক্ষক জুয়েল রানা ও প্রতাপ মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক খলিলুর রহমান।










