ঝালকাঠি প্রতিনিধি:
ঝালকাঠির তারুণ্যের উৎসব উপলক্ষে আবহমান বাংলার গ্রাম্য সংস্কৃতির ঐতিহ্যবাহী ঘোড়দৌড় প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বিকেলে জেলা প্রশাসনের আয়োজনে উপজেলার গোহালকাঠী বুদুমবাড়ি মাঠে এই ঘৌড় দৌড় প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ নজরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন, ঝালকাঠি জেলা প্রশাসক আশরাফুর রহমান। বিশেষ অতিথি ছিলেন, পুলিশ সুপার উজ্জ্বল কুমার রায়, অতিরিক্ত জেলা প্রশাসক মো. কাওছার হোসেন। এ প্রতিযোগিতায় তিন ক্যাটেগরিতে জেলার বিভিন্ন এলাকা থেকে ১৫টি ঘোড়া অংশ নেয়। গ্রামীণ এ ঐতিহ্যের প্রতিযোগিতা দেখতে আশপাশের এলাকাগুলো থেকে নারী-পুরুষ-শিশু কিশোরদের মিলনমেলায় পরিণত হয়।
প্রতিযোগিতা শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন। খেলায় এ ক্যাটেগরিতে প্রথম হয়েছেন লালচান, বি ক্যাটেগরিতে বিজয়ী হয়েছেন সুলতান। প্রধান অতিথি ঝালকাঠি জেলা প্রশাসক মোঃ আশরাফুর রহমান বলেন, ঘোড়দৌড় গ্রামবাংলার ঐতিহ্যবাহী খেলা। তারুণ্যের উৎসব-২০২৫ উপলক্ষে বিলুপ্তপ্রায় এ খেলা ধরে রাখার পাশাপাশি যুবসমাজকে মাদকমুক্ত করতেই এ আয়োজন। এ ধরনের আয়োজন চলমান থাকবে।










