ঝালকাঠি প্রতিনিধিঃ
ঝালকাঠি জেলায় খাদ্যবান্ধব কর্মসূচির আওতায় সরকার জেলা ৪টি উপজেলার ৩২টি ইউনিয়নে ৩২১৪০টি পরিবারকে ১০টাকা কেজিদরে চাল বিক্রি করবে। সেপ্টেম্বর মাস থেকে নভেম্বর মাস পর্যন্ত টানা ৩ মাস দরিদ্র এই শ্রেণির পরিবারকে জেলায় ৬৩জন ডিলারের মাধ্যমে চাল বিক্রি করবে। সরকার প্রতিমাসে ৩ কোটি ৭১ লক্ষ ২১ হাজার ৭শ টাকা ভর্তুকী দিয়ে ৩মাস এই খাদ্য বিক্রয় করবে।
বিগত বছরে খাদ্যবান্ধব কর্মসূচির আওতায় দরিদ্র পরিবারের সংখ্যা ছিল ৩০ হাজার ৭৬৪টি পরিবার। কিন্তু করোনা পরিস্থিতি জনিত কারণে পরিসংখ্যান ব্যুরো হিসাব মতে জেলায় ১৩৭৬টি দরিদ্র পরিবারের সংখ্যা রেড়েছে এবং বৃদ্ধি পাওয়া পরিবারের গুলোকে নিয়েই এবছর খাদ্য বান্ধব কর্মসূচি শুরু করা হচ্ছে। এর মধ্যে ঝালকাঠি সদর উপজেলায় ৭৪৭৫টি পরিবার, নলছিটি উপজেলায় ১১৬৪৭টি পরিবার রাজাপুর উপজেলায় ৮৮২৩টি পরিবার ও কাঠালিয়া ৪১৯৫টি পরিবার রয়েছে।
সরকার ৪০টাকা কেজি দরে চাল কিনে প্যাকেজিংসহ মিল থেকে সরকারি গোডাউনে আনা নেয়ার খরচ ৭টাকা হিসেবে প্রতি কেজি অর্থনৈতিক মূল্য ৪৭টাকা। সরকার প্রতিমাসে ডিলারদের কাছ থেকে কেজি প্রতি ৮.৫০টাকা হিসেবে ২১ লক্ষ ৯৬ হাজার ৭শ টাকা বিক্রি করে পায়। ডিলারগণ তাদের কেজি প্রতি দেড় টাকা হিসেবে লভ্যাংশ নিয়ে ১০টাকা কেজি দরে চাল বিক্রি করছে। জেলায় প্রতি মাসে ৯৬৪.২০ মে.টন চাল বিক্রি করা হচ্ছে। যার সরকারি মূল্য ৪ কোটি ৫৩ হাজার ৮শ টাকা।










