নলছিটি প্রতিনিধিঃ ঝালকাঠির নলছিটিতে মারধর ও কুপিয়ে জখম করার একটি মামলায় ২৪ দিন আগে জামিন পেলেও বৈধ অভিভাবক না থাকায় ১৬ বছর বয়সী এক কিশোরের মুক্তি মেলেনি। বর্তমানে ওই কিশোর যশোর শিশু উন্নয়ন কেন্দ্রে আটক।
গত ৮ মার্চ নলছিটি উপজেলার দপদপিয়া এলাকায় ভাঙারির দোকানে ঢুকে কহিনুর বেগম নামের এক নারীকে মারধর ও কুপিয়ে জখম করে একটি সংঘবদ্ধ চক্র। ঘটনাস্থল থেকে ১৬ বছরের ওই কিশোরকে আটক করে পুলিশে দেন স্থানীয় লোকজন। ওই নারীর ওপর হামলার ঘটনায় তাঁর স্বামী ভাঙারি ব্যবসায়ী মো. বেল্লাল সরদার কিশোরের বিরুদ্ধে নলছিটি থানায় মামলা করেন। আদালতের নির্দেশে তাকে যশোর শিশু উন্নয়ন কেন্দ্রে পাঠানো হয়। তার জামিন হয়। কিন্তু বৈধ কোনো অভিভাবকের সন্ধান না পাওয়ায় জামিন হলেও মুক্তি পায়নি ওই কিশোর।
ঝালকাঠি জেলা লিগ্যাল এইড কর্মকর্তা মো. শিবলী নোমান খান জানান, কিশোরকে আইনি সহায়তা দিয়ে জামিন করানো হয়। কিন্তু তার সঠিক স্থায়ী ঠিকানা নিশ্চিত হতে না পারায় বৈধ অভিভাবক পাওয়া যাচ্ছে না।
ঝালকাঠির কারাধ্যক্ষ জান্নাত উল ফরহাদ জানান, কিশোর ভবঘুরে প্রকৃতির হওয়ায় তার ঠিকানা খুঁজে পাওয়া যাচ্ছে না। ফলে জামিননামা হাতে এলে তাৎক্ষণিকভাবে তাকে যশোর শিশু উন্নয়ন কেন্দ্রে পাঠিয়ে দেওয়া হয়।
ঝালকাঠি সমাজসেবা কার্যালয়ের প্রবেশন কর্মকর্তা সানজিদা আয়েশা বলেন, ‘কিশোরকে মুক্তি দিয়ে বৈধ অভিভাবকের কাছে হস্তান্তর করতে হবে। আমরা চেষ্টা চালিয়ে যাচ্ছি সঠিক ঠিকানা বের করে বৈধ অভিভাবকের হাতে তাকে হস্তান্তর করতে।’










