জনতার খবর ডেস্ক:
কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে গড়ে ওঠা সংগঠন বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদের প্রথম কাউন্সিল অনুষ্ঠিত হয়েছে। কাউন্সিলরদের প্রত্যক্ষ ভোটে সভাপতি নির্বাচিত হয়েছেন সংগঠনটির ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সাবেক সভাপতি বিন ইয়ামিন মোল্লা। সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন যুগ্ম আহ্বায়ক আরিফুল ইসলাম আদিব। শনিবার (২৮ আগস্ট) রাতে সংগঠনটির যুগ্ম আহ্বায়ক ও প্রধান নির্বাচন কমিশনার মো. আবু হানিফ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। সাংগঠনিক সম্পাদক পদে ঢাকা মহানগরের সাবেক সমন্বয়ক মোল্যা রহমাতুল্লাহ নির্বাচিত হন।
এর আগে সংগঠনের কেন্দ্রীয় কার্যালয়ে দুপুর দুইটা থেকে সন্ধ্যা সাতটা পর্যন্ত ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। এতে সভাপতি, সাধারণ সম্পাদক ও সাংগঠনিক সম্পাদক পদে নির্বাচন হয়।
নতুন কমিটি সম্পর্কে বাংলাদেশ ছাত্র, যুব ও শ্রমিক অধিকার পরিষদের সমন্বয়ক এবং ডাকসু’র সাবেক ভিপি নুরুল হক নুর বলেন- সভাপতি, সাধারণ সম্পাদক এবং সাংগঠনিক সম্পাদক হিসেবে তিন জনকে নির্বাচিত করা হয়েছে। এছাড়া ৩৮ জনকে মনোনীত করে ৪১ সদস্যের কমিটি ঘোষণা করা হয়। আগের কমিটির পাঁচ সদস্যকে এই কমিটিতে উপদেষ্টা হিসেবে রাখা হয়েছে।












