নিজস্ব প্রতিবেদক, বরিশাল ॥
মোটা অংকের টাকার বিনিময়ে নিকাহ্ রেজিষ্টারের (কাজী) যোগসাজসে কনে পক্ষের বিয়ের কাবিননামা জালিয়াতির ঘটনায় বর পক্ষ আদালতে মামলা দায়ের করেছেন। ঘটনাটি জেলার বাবুগঞ্জ উপজেলার বীরশ্রেষ্ঠ জাহাঙ্গীর নগর ইউনিয়নের চরহোগলপাতিয়া গ্রামের।
বৃহস্পতিবার সকালে মামলার এজাহারে জানা গেছে, ওই গ্রামের আবু বক্কর ছিদ্দিকের মেয়ে হাফিজা বেগমকে (৩০) প্রায় এক যুগ পূর্বে সামাজিকভাবে বিয়ে দেওয়া হয় পাশ্ববর্তী গৌরনদী উপজেলার পূর্বগরঙ্গল গ্রামের কাদের হাওলাদারের পুত্র আবু বকরের সাথে। বিয়ের কাবিননামায় ৫৩ হাজার টাকা দেনমোহর ধার্য করা হয়। বিয়ের পর স্বামী-স্ত্রীর মধ্যে দাস্পত্য কলহ শুরু হয়। পরবর্তীতে স্বামী আবুবকরের বিরুদ্ধে ২০১৪ সালের ৪ আগস্ট বরিশাল সিনিয়র জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট আদালতে যৌতুক নিরোধ আইনে মামলা দায়ের করেন স্ত্রী হাফিজা। ওইসময় দেন মোহরের ৫৩ হাজার টাকার কাবিননামা আদালতে দাখিল করেন হাফিজা বেগম।
সূত্রে আরও জানা গেছে, ২০১৫ সালের ২৪ মে স্ত্রীর দায়ের করা যৌতুক মামলা থেকে বেখসুর খালাস পায় স্বামী আবুবকর। এতেও খান্ত হননি হাফিজা। ভিন্ন কৌশল অবলম্বন করে স্বামীকে ঘায়েল করতে হাফিজা ও তার পরিবারের সদস্যরা মোটা অংকের টাকার বিনিময়ে জাহাঙ্গীরনগর ইউনিয়নের নিকাহ্ রেজিষ্ট্রার আব্দুর রহমানের মাধ্যমে একই বিয়ের তারিখে পূর্বের ৫৩ হাজার টাকার দেনমোহরের পরিবর্তে ১ লাখ ৫৩ হাজার লিখে ভূয়া কাবিননামা উত্তোলন করেন।
আবু বকর হাওলাদার বলেন, প্রতারক কাজী আব্দুর রহমানের দেয়া ওই ভূয়া কাবিননামা দিয়ে ২০২০ সালের ২৭ অক্টোবর পূর্ণরায় তার স্ত্রী হাফিজা আদালতে একটি মিথ্যে মামলা দায়ের করেন। অপরদিকে তিনি (আবু বকর) কাজী আব্দুর রহমানের কাছ থেকে তাদের বৈবাহিক ৫৩ হাজার টাকার দেনমোহরের কাবিননামা উত্তোলন করেন।
এ ঘটনার পর অতিসম্প্রতি কাবিননামা জালিয়াতির ঘটনায় তিনি (আবু বকর) বাদি হয়ে প্রতারক কাজী আব্দুর রহমান, হাফিজা বেগম, তার পিতা আবুবক্কর, স্বজন ছাইদুল ইসলাম, ইউসুফ হোসেন, আমিন হোসেনকে আসামী করে আদালতে মামলা দায়ের করেন। ওই মামলায় আদালতের বিচারক হাফিজার জামিন মঞ্জুর করলেও তার (হাফিজার) পিতা আবুবক্করকে জেলহাজতে প্রেরণ করেন।
অপরদিকে মামলা দায়েরের পর প্রতারক ও অসংখ্য জালিয়াতির মূলহোতা নিকাহ্ রেজিষ্ট্রার আব্দুর রহামানসহ অন্যান্য আসামিদের বিরুদ্ধে গ্রেফতারী পরোয়ানা জারির পর তারা (আসামি) নিজ এলাকা ছেড়ে আত্মগোপন করেছেন। স্থানীয়রা প্রতারক নিকাহ্ রেজিষ্ট্রার আব্দুর রহমানের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণসহ অনতিবিলম্বে গ্রেফতারপূর্বক দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেছেন।










