কাঠালিয়া প্রতিনিধিঃ
স্কুল ম্যানেজিং কমিটির নির্বাচিত সদস্যদের মতামত উপেক্ষা করে খেয়াল খুশিমতো স্কুল পরিচালনা, নিয়োগ বাণিজ্য, শিক্ষক ও অভিভাকদের প্রতি অবিচার, স্কুল ফাঁকিসহ নানান অনিয়ম এবং দূর্নীতি করার জন্য স্বজনপ্রীতির মাধ্যমে অর্ধশিক্ষত এক ব্যক্তিকে শিক্ষানুরাগী সদস্য নির্বাচিত করার অভিযোগ পাওয়া গেছে।
স্কুলের প্রধান শিক্ষকের বিরুদ্ধে এমনই বিস্তার অভিযোগ তুলে (২০ জানুয়ারী) বৃহস্পতিবার বরিশাল মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান বরাবরে লিখিত অভিযোগ দায়ের করেছেন ম্যানেজিং কমিটির নির্বাচিত তিনজন অভিভাবক সদস্য। অভিযোগে শিক্ষানুরাগী সদস্য মনোনয়ন বাতিলসহ প্রধানশিক্ষকের বিচারের দাবি জানিয়ে যথাযথ ব্যবস্থা গ্রহনের জন্য দাবি করা হয়েছে। একওই অভিযোগের অনুলিপি দেওয়া হয়েছে বরিশাল শিক্ষাবোর্ডের চেয়ারম্যান ও বিদ্যালয় পরিদর্শকের কাছে।
ঝালকাঠির কাঠালিয়া উপজেলার আওরাবুনিয়া মডেল হাই স্কুলের নির্বাচিত ম্যানেজিং কমিটির অভিবাবক সদস্য শফিকুল ইসলাম লিটন, জাকির হোসেন ও সুখী রায়হানের দায়ের করা অভিযোগে অভিযুক্ত করা হয়েছে ওই স্কুলের প্রধানশিক্ষক সুশীল চন্দ্র মিস্ত্রীকে। লিখিত অভিযোগ সূত্রে জানা গেছে, গত ১৮ জানুয়ারী প্রধান শিক্ষক কোন লিখিত নোটিশ ছাড়া সদস্যদের স্কুলে ডেকে আনেন। এরপর তিনি একটি সভা শুরু করেন। সভায় উপজেলা নির্বাহী অফিসারের উপস্থিতি থাকায় তার সম্মানার্থে সদস্যরা সভায় বসেন এবং উপজেলা নির্বাহী অফিসার শিক্ষার মান উন্নয়নে বিভিন্ন দিক-নির্দেশনা মূলক বক্তব্য দেন।
সভার শেষ দিকে প্রধান শিক্ষক তার ব্যক্তিগত স্বার্থে নিয়ম বহির্ভূতভাবে স্বেচ্ছাচারিতা ও স্বজন প্রীতির মাধ্যমে আব্দুস ছোবাহান হাওলাদারকে শিক্ষানুরাগী সদস্য নির্বাচিত করার জন্য তার অনুগত এক শিক্ষকের মাধ্যমে প্রস্তাব দেন এবং তাকে সমর্থন দেওয়ার জন্য সকল সদস্যদের প্রতি চাপ সৃষ্টি করেন। এ সময় কমিটির একটি অংশ এর প্রতিবাদ জানিয়ে রেজুলেশনে স্বাক্ষর না করে সভা বর্জন করে। প্রধান শিক্ষক রেজুলেশনে স্বাক্ষর করার জন্য মোবাইলের মাধ্যম অভিভাবক সদস্যদের চাঁপ সৃষ্টি করে আসছেন।
এবিষয়ে অভিবাবক সদস্য জাকির হোসেন বলেন, আমাদের কোন প্রকার নোটিশ না দিয়ে মুঠোফোনে আমাদের স্কুলে ডাকেন প্রধান শিক্ষক। আমাদের কোন প্রকার প্রস্তুতি ছাড়াই এই সভা করা হয়েছে।
অভিযোগের বিষয়ে স্কুলের প্রধান শিক্ষক সুশীল চন্দ্র মিস্ত্রী বলেন, সদস্যদের নোটিশ না দিলেও মোবাইলে তাদের স্কুলে ডেকে সভা করেছি। সরকারি বিধান অনুযায়ী সভা করা হয়েছে।










