কাঠালিয়া প্রতিনিধিঃ
মা ইলিশ সংরক্ষন অভিযান ২০২১ উপলক্ষ্যে ঝালকাঠির কাঠালিয়ায় বিষখালী নদীতে আমুয়া, হেতালবুনিয়া, চিংড়াখালী, জয়খালী, কাঠালিয়া, বড় কাঠালিয়া, কচুয়া, শৌলজালিয়া, রঘুয়ার চর, আওরাবুনিয়া ও জাঙ্গালিয়ায় অংশে আজ থেকে ইলিশ মাছ ধরা বন্ধ রয়েছে।
প্রধান প্রজনন মৌসুমে ডিমওয়ালা ইলিশ রক্ষা কর্মসূচির আওতায় মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয় ইলিশ ধরার ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে, যা আগামী ২৬ অক্টোবর পর্যন্ত টানা ২২দিন বলবৎ থাকবে। এ সময়ে ইলিশ মাছ ধরা, পরিবহন, মজুদ, বাজারজাতকরণ বা বিক্রিয় নিষিদ্ধ করা হয়েছে।
উপজেলা মৎস্য বিভাগ জানিয়েছেন, কর্মসূচি সফল করতে উপজেলা পর্যায়ে তদারকি কমিটি গঠন করা হয়েছে। ট্রলার নিয়ে নদীতে নদীতে টহল দেয়া হচ্ছে। নজরদারীতে রাখা হয়েছে শহর-বন্দর- গ্রামের বিভিন্ন হাটবাজার। ভ্রাম্যমান আদালত পরিচালনারও ব্যবস্থা রাখা হয়েছে।
উপজেলা মৎস্য কর্মকর্তা মোঃ হাফিজুর রহমান জানান, আজ ৪ অক্টোবর থেকে ২৬ অক্টোবর পর্যন্ত ২২ দিন ইলিশ ধরা নিষিদ্ধ। এ সময় ইলিশ আহরণ, পরিবহন, বিপণন ও মজুত বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে সরকার। ইলিশ ধরা এ বন্ধ মৌসুমে জেলেদের জন্য সরকার ভিজিএফ খাদ্য সহায়তা প্রদান করবে।
এ বিষয় ৫নং শৌলজালিয়া ইউনিয়ন পরিষদের ইউপি সদস্য এইচ এম নাসির উদ্দিন আকাশ জানান, আগামী ২৬ অক্টোবর পর্যন্ত ২২ দিন ইলিশ ধরা নিষেধাজ্ঞা আরোপ করেছে সরকার। তা বাস্তবায়নে আমাদের ইউনিয়ন পরিষদ থেকে তদারকি করা হবে এবং এলাকার জেলেদের চিহ্নিত করে ২০ কেজি করে ভিজিএফ চাল বিতরণ করা হবে।










