জনতার খবর ডেক্সঃ
ঝালকাঠির কাঠালিয়ার খোকন সিকদার (৩৭) পদ্মায় দুই ফেরির সংঘর্ষের সময় দুই গাড়ির মাঝখানে চাপা পড়ে নিহত হয়েছেন (ইন্না-লিল্লাহি ওয়া ইন্না আলাইহি রাজিউন)। নিহত খোকন পিকআপ চালক। তিনি কাঠালিয়া উপজেলার চিংড়াখালী গ্রামের অবসরপ্রাপ্ত ফ্যায়ার ম্যান মো. হারুন সিকদারের ছেলে। মৃত্যুর সময় দুই স্ত্রী, এক মেয়ে ও তিন ছেলে, পিতা ও মাতাসহ বহু আত্মীয়স্বজন ও বন্দু-বান্ধব রেখে গেছেন। তার মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমেছে। খোকন পিরোজপুরের চরখালী থেকে পিকআপে মাছ নিয়ে ঢাকায় যাচ্ছিলেন।
গতকাল শনিবার দিবাগত রাতে বেগম রোকেয়া নামের ফেরিটি ৩০-৩৫টি যানবাহন নিয়ে শিমুলিয়া ঘাট থেকে শরীয়তপুরের দিকে যাচ্ছিল। সুফিয়া কামাল নামের ফেরিটি শরীয়তপুরের মাঝিকান্দি ঘাট থেকে শিমুলিয়া ঘাটের দিকে যাচ্ছিল। এই ফেরিতেও ৩৫-৪০টি যানবাহন ছিল।
রাত সাড়ে তিনটার দিকে ফেরি দুটি শরীয়তপুর টার্নিং পয়েন্টে আসে। প্রবল স্রোতের কারণে ফেরি দুটির চালক নিয়ন্ত্রণ হারালে তাদের মুখোমুখি সংঘর্ষ হয়। সুফিয়া কামাল ফেরিতে থাকা পিকআপ ভ্যানের চালক খোকন সিকদার মারা যান। আর বেগম রোকেয়া ফেরিতে থাকা এক ব্যক্তি নিখোঁজ হন। এই দুর্ঘটনায় বেশ কয়েকজন আহত হয়েছেন।
মাওয়া নৌ পুলিশ ফাঁড়ির দায়িত্বপ্রাপ্ত পুলিশ পরিদর্শক মো. আবু তাহের মিয়া বলেন, নিহত চালক তাঁর গাড়ি থেকে নেমে দুই গাড়ির মাঝে দাঁড়িয়ে ছিলেন। সংঘর্ষের সময় ফেরিতে থাকা একটি গাড়ি আরেকটি গাড়ির গায়ে পড়লে মাঝখানে চাপা পড়েন চালক। ঘটনাস্থলেই তিনি মারা যান।
এ ঘটনায় অন্তত ১০ জন আহত হয়েছেন। ক্ষতিগ্রস্ত হয়েছে ফেরিতে থাকা অন্তত ১১টি প্রাইভেট কার, মোটরসাইকেলসহ বিভিন্ন যানবাহন। স্বজনদের অভিযোগের ভিত্তিতে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
মরহুমের জানাজা নামাজ আজ রোববার রাত ৯টায় তার বাড়ী সংলগ্ন চিংড়াখালী মাধ্যমিক বিদ্যালয়ের মাঠে অনুষ্ঠিত হবে। জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হবে।










