কাঠালিয়া প্রতিনিধিঃ
ঝালকাঠির কাঠালিয়া থানা অফিসার ইনচার্জ (ওসি)আবু নাছের রায়হান এর বদলির আদেশ প্রত্যাহারের দাবিতে সর্বস্তরের জনতার ব্যানারে কাঠালিয়া থানার সামনের সড়কে মানববন্ধন ও বিক্ষোভ অনুষ্ঠিত হয়েছে।
সকাল ১০ টায় রাজাপুর-কাঠালিয়া সড়কের কাঠালিয়া থানার প্রধান ফটকের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।মানববন্ধন শেষে একটি বিক্ষোভ উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। অনুষ্ঠিত মানববন্ধনে বিএনপি, মহিলা দল, যুবদলসহ বিভিন্ন সামাজিক সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
মানববন্ধনকারীদের দাবী, কাঠালিয়া থানা অফিসার ইনচার্জ (ওসি) আবু নাছের রায়হান এলাকার সাধারণ মানুষের প্রিয় মানুষ ছিলেন। বিচার প্রার্থীরা তার সাথে সরাসরি যোগাযোগ করতে পারতেন। কাঠালিয়া থানায় তার চাকুরী কালীন সময় মানুষ নিরাপদ ছিলো। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে ওসি আবু নাছের রায়হানের বদলির আদেশ প্রত্যাহারের দাবী জানাচ্ছেন ।
বক্তব্য রাখেন, উপজেলা মহিলা দলের সাধারণ সম্পাদক নেহার খানম, ছাত্রদলের যুগ্ম আহবায়ক মোঃ রুবেল মোল্লা,আমুয়া ইউনিয়ন মহিলা দল নেত্রী রিমা ফেরদাউস,আওরা বুনিয়া ইউনিয়ন মহিলা দল নেত্রী লাকি বেগম।
উপস্থিত ছিলেন, উপজেলা মহিলা দল সভাপতি সাহেলি পারভিন, যুবদল আহবায়ক জয়নাল আবেদীন, কাঠালিয়া সদর ইউনিয়ন বিএনপি’র সভাপতি মোঃ নুরুজ্জামান বাদলসহ অনেকে।